কক্সবাজার, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকোরিয়া উপজেলায় পাহাড় ধসে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন শিশু।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের বাককুম পশ্চিম নলবনিয়া সংলগ্ন পাহাড়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে চকোরিয়া থানার ওসি রঞ্জিত কুমার বড়–য়া জানান।
নিহতরা হলো, জাকিয়া আকতার বিকি (১৩) ও আরজিনা (৮)। বিকি খুটাখালীর কুতুবদিয়া পাড়া গ্রামের মৃত সোলতান আহমদের এবং আরজিনা একই গ্রামের রশিদ আহমদের মেয়ে।
ওসি রঞ্জিত বলেন, সকালে বিকি ও আরজিনাসহ ওই এলাকার পাঁচটি মেয়ে শিশু পাশের পাহাড় থেকে মাটি আনতে যায়। মাটি কাটার একপর্যায়ে পাহাড়ের একটি অংশ তাদের ওপর ধসে পড়ে।
“এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়,” বলেন তিনি।
এ ঘটনায় একই গ্রামের নুরুল আলমের মেয়ে নুরকিত (১২), নুরুল বশরের মেয়ে মুন্নি (৭) ও নুরুল হুদার মেয়ে তানিয়া (৮) আহত হয়েছে।
আহতদের ডুলাহাজারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএইচ/১৫৪৭ ঘ.
bdnews24