২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিত হত্যা: ৫ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা জগন্নাথের

সাবেক দুই ছাত্রের সনদ বাতিল এবং বর্তমান তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

সাবেক দুই ছাত্রের সনদ বাতিল এবং বর্তমান তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্বজিত হত্যা: ৫ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা জগন্নাথের

অবরোধের মধ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে বিশ্বজিত দাসকে হত্যায় জড়িত অভিযোগে সাবেক ও বর্তমান পাঁচ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরা হলেন, মাহফুজুর রহমান নাহিদ, ইমদাদুল হক, নূরে আলম লিমন, রফিকুল ইসলাম শাকিল ও ওবায়দুল কাদের তাহসিন।

এদের মধ্যে নাহিদ ও ইমদাদুলের সনদ বাতিল এবং বাকি তিন জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

নাহিদ ২০০৪-০৫ শিক্ষাবর্ষে বাংলা বিভাগে এবং ইমদাদুল একই বর্ষে দর্শন বিভাগে ভর্তি হন।

এই দুজন পাস করে বেরিয়ে যাওয়ায় তাদের সনদ বাতিল করা হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কার হওয়াদের মধ্যে লিমন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের, শাকিল ইসলামের ইতিহাসের ষষ্ঠ সেমিস্টারের ও তাহসিন মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও ছবির আলোকে বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডির জরুরি সভায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।”

গত রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের মধ্যে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে ছাত্রলীগের হামলার শিকার হন দর্জির দোকানি বিশ্বজিত দাস।

ঢাকার মহানগর হাকিম আদালত চত্বরে অবরোধ সমর্থক ও বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিশ্বজিতের ওপর হামলা হয়। তাকে গণপিটুনি দেয়ার পাশাপাশি ছুরিকাঘাত করা হয়।

আহত বিশ্বজিতকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেদিনই তার মৃত্যু হয়।