২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলার মানুষ রবিশঙ্করকে মনে রাখবে: খালেদা

সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্করের মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 11:36 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্করের মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

এক শোকবার্তায় তিনি বলেছেন, “তার মৃত্যু বিশ্ব সংগীত জগতে বিরাট শূন্যতার সৃষ্টি করল।”

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর একটি হাসপাতালে মারা যান এই সংগীতগুরু। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই শোকবার্তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে রবি শংকরের অবদানের কথা স্মরণ করে খালেদা জিয়া বলেন, “তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। মুক্তিযুদ্ধের সময় রবিশঙ্করের ভূমিকা বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।”

সেতারের এই জাদুকর একাত্তরে মুক্তিযুদ্ধের দিনগুলোতে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বন্ধু হয়ে। মুক্তিযুদ্ধে সহায়তা এবং জনমত সৃষ্টির জন্য নিউ ইয়র্কে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর আয়োজন করেন তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, “পণ্ডিত রবিশঙ্কর সংগীত জগতের এক অনন্য কিংবদন্তি। উপমহাদেশে যে কয়জন সংগীত গুরুর সাধনায় শাস্ত্রীয় সংগীত সারাবিশ্বে সমাদৃত হয়েছে, রবিশঙ্কর তাদেরই একজন।”

খালেদা জিয়া এই সংগীতজ্ঞের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।