২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিনের মরদেহ দেশে আসছে বিকালে

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের মরদেহ বুধবার বিকালে দেশে আনা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 08:33 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

তার স্ত্রী আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কফিন নিয়ে রওনা হবেন। বিকাল ৫টা নাগাদ তারা ঢাকার শাহজালাল আš—র্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন।

সাবেক এ রাষ্ট্রপতির মরদেহ এরপর বারডেম হাসপাতালে হিমাগারে রাখা হবে। বৃহস্পতিবার জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এবং আসরের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজা হবে।

‘শেষ ইচ্ছা’ অনুসারে ইয়াজউদ্দিন আহম্মেদকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও আনোয়ারা বেগম জানান।

হৃদরোগ ও কিডনি জটিলতায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান এই সাবেক শিক্ষক। তার বয়স হয়েছিল ৮১ বছর।  

গত নভেম্বর ওই হাসপাতালে ইয়াজউদ্দিন আহম্মেদের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। এরপর কিডনিতেও জটিলতা দেখা দিলে অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইয়াজউদ্দিন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে রাষ্ট্রপতি পদে আসীন হন।

বিএনপি ক্ষমতা ছাড়ার পর রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বও তিনি নেন, যা রাজনৈতিক সংঘাতের সৃষ্টি করে বলে মনে করা হয়।

ওই সংঘাতের প্রেক্ষাপটে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করেন ইয়াজউদ্দিন, যার জন্য তিনি সমালোচিত হন। ওই সময় টানা দুই বছর সেনা সমর্থিত একটি তত্ত্ববধায়ক সরকার দেশ শাসন করেছিল।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ইয়াজউদ্দিন ১৯৯৫ সালে একুশে পদক লাভ করেন।