জার্মান স্থপতির গাড়িতে হামলায় প্রতিবাদ
বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে গাবতলীতে এক জার্মান স্থপতির গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছে জার্মান দুতাবাস।
বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে গাবতলীতে এক জার্মান স্থপতির গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছে জার্মান দুতাবাস।
ঢাকায় জার্মানির দূতাবাস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার অবরোধ চলাকালে গাবতলী মার্কেটের সামনে বিএনপির একদল কর্মী খ্যাতনামা জার্মান স্থপতি আনা হেরিংগারের গাড়িতে হামলা চালায়।
জার্মান উন্নয়ন প্রতিষ্ঠান জিআইজেডের হয়ে ঢাকা সফরে আসেন হেরিংগার। ঢাকায় ফেরার পথে রোববার সকাল সাড়ে সাতটার দিকে গাবতলী মার্কেটের সামনে ১৫ জনের একটি দল তার গাড়ি থামিয়ে সবগুলো কাচ ভেঙে দেয়। তারা চালককে বের করে পিটিয়ে আহত করে। প্রাণ বাঁচাতে হেরিংগার গাড়ি থেকে নেমে পালিয়ে যান। এর পর জার্মান সরকারের দান করা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলার সময় রোববার সকালে ঢাকার গাবতলী ও আমিনবাজারে অবরোধকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান দূতাবাস এই ‘ঘৃন্য’ হামলার ঘটনায় হতভম্ব। এর প্রতিবাদে রাষ্ট্রদূত ড. আলব্রেশট কনসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে একটি প্রতিবাদ পত্র পাঠিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েও ঘটনাটি জানানো হয়েছে।
খ্যাতনামা স্থপতি হেরিংগারের কাজ নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট ও ভেনিসে প্রদর্শিত হয়েছে। তিনি টেকসই স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার পেয়েছেন। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশকে সহায়তা করার পাশাপাশি জার্মানিতে প্রবাসী বাংলাদেশির পক্ষেও তিনি কথা বলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
