ঘন কুয়াশায় ফেরি পারাপার বিঘ্নিত
ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে মাওয়া-কাওড়াকান্দি রুটে এখনো ফেরি চলাচল শুরু হয়নি।
ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে মাওয়া-কাওড়াকান্দি রুটে এখনো ফেরি চলাচল শুরু হয়নি।
বিরূপ আবহাওয়ার কারণে রাতভর গুরুত্বপূর্ণ এই চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে বহু যানবাহন। শীতের মধ্যে ভোগান্তি পোহাতে হয় কয়েক হাজার যাত্রীকে।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কমে আসায় সোমবার রাত সাড়ে ৯টা থেকে কাওড়াকান্দির সঙ্গে পারাপার বন্ধ হয়ে যায়। সকাল নয়টা পর্যন্ত ফেরি পারাপার শুরু হয়নি।
কুয়াশার তীব্রতায় রাতে মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয় সাতটি ফেরি, যাতে কয়েকশ যাত্রী আটকা পড়েন বলে জানান সিরাজুল হক।
এছাড়া রাত থেকে মাওয়া ঘাটে দুটি ফেরি লোড করা থাকলেও তা ছেড়ে যেতে পারছে না বলে জানান তিনি।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ হয়ে যায় সোমবার রাত ১০টার দিকে। কুয়াশা কমার পর সকাল পৌনে ৯টায় আবার পারাপার শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার শাহ।
তিনি বলেন, রাতে পাটুরিয়া ঘাটে সাতটি এবং দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি লোড করা অবস্থায় সারা রাত ঘাটে অপেক্ষা করে। সকালে সেগুলো যাত্রা করে।
এছাড়া এ নৌপথে মাঝনদীতে দুটি ফেরি নোঙর করা ছিল যেগুলো সকালে আবার চলা শুরু করেছে বলে জানান তিনি।
বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাস-ট্রাকসহ পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়ে। দৌলতদিয়া ঘাটেও প্রায় একই অবস্থা সৃষ্টি হয়।
কুয়াশার কারণে রবি ও শনিবার রাতেও ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হয়। মাওয়া-কাওড়াকান্দি রুটের একটি ফেরিতে আটকা পড়েছিলেন নৌমন্ত্রী শাজাহান খানও।
লঞ্চ চলাচল ব্যাহত
এদিকে ঘনকুয়াশার কারণে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি এবং চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আমাদের চাঁদপুর প্রতিনিধি।
বিআইডব্লিউটিসি কর্মকর্তারা বলছেন, কুয়াশা কমে এলে ফের নৌ-যান চলাচল শুরু হবে।
চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইমরান খান জানান, ঘনকুয়াশার কারণে সোমবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়ছে। এতে চাঁদপুর হরিণা ফেরিঘাটে বেশকিছু ট্রাক ও বাস আটকে পড়ে।
বিআইডব্লিউটিসির চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. মোবারক হোসনে জানান, রাত সোয়া ১২টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি ময়ুর লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও কুয়াশার কারণে তা যেতে পারেনি। এতে যাত্রীরা আটকা পেড়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও কুয়াশার কারণে মাঝনদীতে আটকা পেড়েছে।
কুয়াশার কারণে যাত্রী পারাপারের লঞ্চগুলো নির্দিষ্ট সময়ের ৭/৮ ঘণ্টা পর চাঁদপুর ঘাটে এসে ভিড়েছে বলে জানান তিনি। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো রাতে চাঁদপুর ঘাটে ভেড়ার কথা থাকলেও তা পরদিন বেলা ১২টা বা তারওপরে ঘাটে এসে ভিড়েছে।
