২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 04:21 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

হরতালের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বংশাল থানার উপ পরিদর্শক মো.মোয়াজ্জেম জানান, মঙ্গলবার ভোরে রাজধানীর চানখারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পারভেজ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মফিজুল হাসান হিরু ও সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজের নেতুত্বে হরতাল সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি চানখারপুল এলাকায় পৌঁছালে হরতালকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকটি হাতবোমায় বিস্ফোরণ ঘটানো হয়।

পরে পুলিশ লাঠিপেটা করে ছাত্রদল কর্মীদের সরিয়ে দেয় এবং এ সময় মাসুদ খানকে গ্রেপ্তার করা হয়।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে অবরোধ কর্মসূচিতে বাধার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করছে।

নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও কুয়াশার মধ্যে ভোর থেকেই মিরপুর, যাত্রবাড়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার খবর পওয়া গেছে।