২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের গাড়ি পুড়িয়ে প্রতিবাদ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

অবরোধে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বিরোধী দলের নেতাদের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

অবরোধে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বিরোধী দলের নেতাদের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিরোধী দলের নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, “আপনারা যদি গাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানাতে চান, তাহলে আগে নিজের গাড়ি পুড়িয়ে প্রতিবাদ করুন।”

জাতীয় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনার শেষে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অবরোধে পুরান ঢাকায় পিটুনি ও ছুরিকাঘাতে বিশ্বজিত নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়েছে কি না জানতে চাইলে মহীউদ্দীন খান বলেন, “তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের শাস্তি দেয়া হবে।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এদেশে মানবাধিকার লঙ্ঘন হলে বিশ্বের যে কোনো দেশের আদালতে তা ‘মানবাধিকার লঙ্ঘন’ হিসাবেই বিবেচিত হবে। এ কারণেই সরকার যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু করেছে।

যারা ‘গণতন্ত্রের কথা বলে’ যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বানচাল করতে চায়, তাদের সর্ম্পকে সচেতন হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।

নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রোববার ভোর থেকে আট ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

অবরোধকারীরা এদিন ঢাকার গাবতলী, মিরপুর, পান্থপথ, শাহবাগ, যাত্রাবাড়ী, পুরান ঢাকা, সাভারের আমিনবাজার, গাজীপুর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়ায়। অবরোধে কেবল রাজধানীতেই পুলিশের তিনটিসহ শতাধিক গাড়িতে ভাংচুর চালায় বিরোধী দলের নেতাকর্মীরা। এর মধ্যে পোস্তগোলায় যমুনা পেট্রোলিয়ামের একটি তেলের ট্যাংকারসহ ১২টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়।

অবরোধে সিরাজগঞ্জে সংঘর্ষ চলাকালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজধানীতে গোলোযোগের মধ্যে গণপিটুনিতে নিহত হয়েছেন এক পথচারী।