শক্তিশালী ইসির পক্ষে সরকার, জানল জাতিসংঘ
সরকার নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী ও স্বাধীন করার মাধ্যমে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলে সফররত জাতিসংঘ কর্মকর্তাকে জানানো হয়েছে।
সরকার নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী ও স্বাধীন করার মাধ্যমে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলে সফররত জাতিসংঘ কর্মকর্তাকে জানানো হয়েছে।
সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকোর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আসা প্রথম মিশনের কর্মকর্তারা শনিবার সকালে গওহর রিজভীর বাড়িতে গিয়ে তার সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জাতিসংঘ কর্মকর্তাদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় আগামী নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে বিএনপি।
সংবিধান সংশোধনের বিষয়ে গওহর রিজভী জাতিসংঘ কর্মকর্তাদের বলেছেন, “এখানে সরকারি দলের কোনো সিদ্ধান্ত নেই। উচ্চ আদালতের সিদ্ধান্তে সংবিধান সংশোধন করেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে।”
অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নেতিবাচক দিকগুলোও জাতিসংঘ কর্মকর্তাদের কাছে তুলে ধরেন তিনি।
এই প্রসঙ্গে বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিএনপি আমলে বিচারকদের অবসরের বয়স বাড়ানোর কথাও বলেন গওহর রিজভী।
“নিজেদের পছন্দ মতো ব্যক্তিদের উপদেষ্টা করার জন্য বর্তমান বিরোধী দল ক্ষমতায় থাকতে বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করেছিল।”
বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে হয়ে যাওয়া প্রায় ৬ হাজার নির্বাচন এবং তাতে বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের পরাজয়ের বিষয়টি তুলে ধরে গওহর রিজভী বলেন, বর্তমান পদ্ধতিতেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার জন্য কোনো সহযোগিতা করতে চাইলে তা নিয়ে ইসির সঙ্গে আলোচনা করতেও জাতিসংঘ দলকে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
গওহর রিজভীর সঙ্গে আলোচনার পর দুপুরে সোনারগাঁও হোটেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন অস্কার ফার্নান্দেজ। সেই আলোচনায় ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের পরিচালক রিজওয়ান খায়ের ও আইনজীবী শাহদীন মালিক প্রমুখ।
আগামী নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের বিরোধের মধ্যে ঢাকা সফরে আসা জাতিসংঘের এই দলটি শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক করবেন।
তারা রোববার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেন।
