এবার বিজিবির গাড়িতে জামায়াতের হামলা
চাঁপাইনবাবগঞ্জ সদরে বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল জিপে হামলা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ সদরে বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল জিপে হামলা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীরা।
বিকাল সাড়ে ৩টার দিকে জেলা শহরের মহানন্দা বাস্ট্যান্ড এলাকায় এ হামলা হয়। এ সময় একটি যাত্রীবাহী পিকআপও ভাংচুর করে তারা।
হামলায় বিজিবির জিপ চালক সিপাহী আমজাদ হোসেন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্বরোড মোড় থেকে একটি মিছিল নিয়ে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা মহানন্দা বাসস্ট্যান্ড এসে সমাবেশ শুরু করে। এ সময় পাশ দিয়ে ৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল শিবগঞ্জের দিকে যাওয়ার পথে হামলার শিকার হয়।
জামায়াত-শিবির কর্মীরা ইটপাটকেল ও লাঠি নিয়ে গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির সামনের কাচ ও লাইট ভেঙে যায়, চালক আহত হন বলে ওসি জানান।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গেছে। এখনো কাউকে আটক করা যায়নি।
যুদ্ধাপরাধের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাংচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির কর্মীরা।
রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও তাদের হামলার মুখে পড়ে। এ ছাড়া জয়পুরহাটে এক পুলিশ সদস্যের গায়ে আগুন দেয়া হয়।
এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজার জামায়াত কর্মীকে।
