আমি নই, সুপারিশ আবুল হাসানের: আবুল হোসেন
তবে আবুল হাসান চৌধুরী তার নাম ‘ভাঙিয়ে’ কারো কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নেবেন বলে মনে করেন না সাবেক যোগাযোগমন্ত্রী।
পদ্মা সেতু প্রকল্পে এসএনসি লাভালিনকে কাজ দিতে সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সুপারিশ পাওয়ার কথা স্বীকার করেছেন সৈয়দ আবুল হোসেন।
তবে পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের দায়িত্বে থাকা কমিটির ওপর কোনো ধরনের প্রভাব খাটাননি বলে দাবি করেছেন সাবেক এই যোগাযোগমন্ত্রী।
দ্বিতীয় দফায় সোমবার দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে আবুল হোসেন আবারো নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এসএনসি লাভালিনের কোনো কর্মকর্তার সঙ্গে একা কথা বলেননি বলেও দাবি করেন তিনি।
তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংক গঠিত প্যানেলের সদস্যদের ঢাকায় অবস্থানের মধ্যে আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা, দুর্নীতির অভিযোগ ওঠার পর যাকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হয়।
সোমবার আবুল হোসেনের পাশাপাশি ১৯৯৬ সালের শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করেন কমিশনের কর্মকর্তারা।
ওই দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে কমিশন চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের জানান, তাদের অনুসন্ধান প্রতিবেদন দুই-এক দিনের মধ্যেই চূড়ান্ত হবে। এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
শুরুতে পদ্মা প্রকল্পে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বললেও কয়েকদিন আগেই গোলাম রহমান বলেন, “ডাল মে কুচ কালা-ই হ্যায়।”
প্রকল্পের পরামর্শক হিসেবে প্রাথমিক নির্বাচনে উত্তীর্ণ কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠলে গত বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করে বিশ্ব ব্যাংক।
এরপর গত জুনে ঋণচুক্তি বাতিল করলেও সরকারের নানামুখী তৎপরতায় সিদ্ধান্ত বদল করে বহুজাতিক এই ঋণদাতা সংস্থা।
বিশ্ব ব্যাংক তদন্তের কথা বললে এই বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। কাজের ধারা অনুযায়ী, অনুসন্ধান শেষে প্রমাণ মিললে মামলার জন্য তদন্তে নামবে দুদক।
দুদকে জিজ্ঞাসাবাদের পর আবুল হোসেন সাংবাদিকদের বলেন, “কোনো অস্বচ্ছ প্রক্রিয়ার সঙ্গে আমি সৈয়দ আবুল হোসেন, সাবেক যোগাযোগমন্ত্রী, জড়িত নই।”
দুর্নীতি দমন কমিশনে নিজের বক্তব্য লিখিত আকারে জমা দেন সাবেক মন্ত্রী। তাতে বলা হয়, পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে লাভালিনের জন্য সুপারিশ করেছিলেন দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে আবুল হাসান চৌধুরী।
“তিনি (আবুল হাসান চৌধুরী) আমার কাছে এসেছিলেন এসএনসি লাভালিনকে সঙ্গে নিয়ে। আমাকে অনুরোধ জানিয়েছিলেন, এসএনসি লাভালিনের দরপ্রস্তাব যেন সঠিকভাবে মূল্যায়িত হয়।”
“আমি তাদের আশ্বস্ত করেছি যে প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত মূল্যায়ন কমিটি খুবই নিরপেক্ষ এবং যারা কমিটিতে আছেন তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। উক্ত কমিটির উপর আস্থা রাখা যায়।”
আবুল হোসেন সাংবাদিকদের বলেন, “পৃথিবীর এমন কোনো লোক সাক্ষ্য হিসেবে দাঁড়াতে পারবে না যে আমি কোনো অনৈতিক দাবি করেছি, কাউকে কম নম্বর, কাউকে বেশি নম্বর দিতে বলেছি।”
আবুল হোসেন লিখেছেন, আবুল হাসান চৌধুরী তার নাম ‘ভাঙিয়ে’ কারো কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নেবেন বলে তিনি মনে করেন না।
আবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না।
“আমি কোনো অন্যায় করিনি। কোনো দুর্নীতির সঙ্গে কখনোই আমার সংশ্লিষ্টতা ছিল না।”
এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ শাহ-এর ডায়েরি প্রসঙ্গে আবুল হোসেনের ভাষ্য, সরাসরি তিনি কখনো রমেশ শাহ বা ইসমাইল কিংবা এসএনসি লাভালিনের কোনো কর্মকর্তার সঙ্গে এককভাবে কথা বলেননি।
“যদি রমেশ শাহ তার ডায়েরিতে কিছু লিখে থাকেন- তা তার নিজস্ব ব্যাপার।”
পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংকের শর্ত মেনে আবুল হোসেনের পদত্যাগের পাশাপাশি ছুটিতে পাঠানো হয় প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
জিজ্ঞাসাবাদের বিষয়ে আবুল হোসেন বলেন, “সামগ্রিক অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমি কিছু বক্তব্য লিখিত আকারে দিয়েছি।
“আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি। সমস্ত প্রশ্নের জবাব আমি দিয়েছি।”
‘ন্যায়বিচারের’ জন্য দুদকে এসেছি- দাবি করে গ্রিক দার্শনিক প্লেটোকেও উদ্ধৃত করেন সাবেক মন্ত্রী।
“প্লাটো বলে গেছেন, পৃথিবীর সর্বত্র ন্যায়বিচারের রূপ একটি এবং অন্যায় বিচারের শতরূপ। আমি ন্যায়বিচারের জন্য দুদকে এসেছি, যতবার প্রয়োজন হবে, ততবার আসব।”
