২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের অবহেলা নয়: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ও অটিস্টিকদের অবহেলা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 09:56 AM

Updated : 25 Apr 2022, 09:59 PM

প্রতিবন্ধী ও অটিস্টিকদের অবহেলা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীতে প্রতিবন্ধী দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবন্ধী ও অটিস্টিকদের নিয়ে সমাজ গড়ে তুলতে হবে। তাদের কেউ যেন অবহেলা না করে।”

“প্রতিবন্ধীদের বিশেষ চাহিদা আছে। তাদের বিশেষ চাহিদা পূরণে সকলকে আন্তরিক হতে হবে। প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে”, যোগ করেন তিনি।

ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার সকালে ২১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১২ উপরক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘একীভূত সমাজ নির্মাণে সংঘবদ্ধ অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। ১৯৯২ সাল থেকে এই দিবস পালন করছে জাতিসংঘ।

প্রতিবন্ধীদের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের আরো এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবন্ধী মানুষগুলো আমাদের সমাজেরই অংশ। আমাদের পরিবারের সদস্য। ছোট-বড়, ধনী-গরীব, নারী-পুরুষ, প্রতিবন্ধী-অপ্রতিবন্ধী সকলে মিলেই সমাজ।”

প্রতিবন্ধী ও অটিস্টিকসহ সবাইকে নিয়ে একীভূত সমাজ গঠনের মাধ্যমেই সামগ্রিক বিশ্ব উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

“এ লক্ষ্যে প্রতিটি পরিবার, সমাজ ও দেশকে সংঘবদ্ধভাবে উদ্যোগ নিতে হবে। এ নীতি বাস্তবায়নে আমাদের সরকার কাজ করে যাবে।”

সংবিধানে প্রতিবন্ধীদের সমান অধিকার নিশ্চিত করার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, “বঙ্গবন্ধু শুরু থেকেই প্রতিবন্ধীদের নিয়ে ভেবেছিলেন। তিনিই প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারার বিদ্যালয়ে অংশগ্রহণের সুযোগ করে দেন।”

স্বাধীনতার পরে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিবন্ধীদের উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “একীভূত সমাজ গঠনের লক্ষ্যে সেগুলো প্রগতিশীল, যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ।”

“আগামী কিছু দিনের মধ্যে প্রতিবন্ধী সুরক্ষা আইন ক্যাবিনেটে আসবে। আমরা তা পাশ করে দেবো। এরপর, তা সংসদে যাবে।”

২০০৯ সালে প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়নের ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারায় শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এখন এক লাখের অধিক প্রতিবন্ধী শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করছে। সাধারণ বিদ্যালয়ে যাতে তারা পড়তে পারে আমরা সে লক্ষ্যে উদ্যোগ নিয়েছি। তে সাধারণ ছেলে-মেয়েদের সঙ্গে থাকতে থাকতে প্রতিবন্ধীরাও সুস্থ হয়ে উঠবে।”

অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা, শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী প্রতিষ্ঠানের নিবাসীদের জন্য দুই হাজার টাকা করে মাসিক ভরণপোষণ, অবৈতনিক অটিস্টিক স্কুল চালু, প্রতিবন্ধী স্কুলের জন্য বিশেষ মঞ্জুরী এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালনা করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রতিবন্ধীরা খেলধূলায়ও বেশ এগিয়ে যাওয়ায় তাদের অভিনন্দন জানান শেখ হাসিনা।

অটিজমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে মেয়ে সায়মা হোসেন পুতুলের উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমার কন্যা, গ্লোবাল অটিজম পাবলিক হেলথ-ইনিসিয়েটিভ ইন বাংলাদেশ এর জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হিসেবে অটিজম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে কাজ করছে।”

“তার উদ্যোগের কারণেই বাংলাদেশে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। সমাজে একটা জাগরণ হয়েছে। সায়মা অটিজম স্পিকস্সহ অন্যান্য সংস্থাকে নিয়ে বাংলাদেশের প্রস্তাবের পক্ষে জাতিসংঘে বিভিন্ন দেশের সমর্থন আদায় করছে”, যোগ করেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়, জাতীয় প্রতিবন্ধী ফোরাম, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজসেবা অধিদপ্তর এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান মুজিব বক্তব্য দেন।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর হুইল চেয়ার ও সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তাসামগ্রী প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করেন শেখ হাসিনা।

পরে প্রতিবন্ধীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তিনি।