চালু হচ্ছে আরো দুটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
ভারতীয় ভিসা প্রার্থীদের সুবিধার্থে বাংলাদেশে আরো দুটি ভিসা আবেদন কেন্দ্র চালু করবে ভারতীয় হাই কমিশন।
ভারতীয় ভিসা প্রার্থীদের সুবিধার্থে বাংলাদেশে আরো দুটি ভিসা আবেদন কেন্দ্র চালু করবে ভারতীয় হাই কমিশন।
ঢাকায় ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ আফসার মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “বাংলাদেশে আমাদের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আছে। আরো দুটো কেন্দ্র খোলা হবে বরিশাল ও ময়মনসিংহে।
তিনি জানান, ২০১১ সালে ভারতীয় হাই কমিশন প্রায় পাঁচ লাখ ভিসা ইস্যু করেছে। এসব ভিসার মধ্যে প্রায় ৮০ শতাংশ পর্যটন ভিসা। তারপরে চিকিৎসা ও ব্যবসা ভিসা রয়েছে।
ভিসার আবেদন আরও বাড়ছে উল্লেখ করেন তিনি।
ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সুজিত ঘোষ বলেন, চিকিৎসার জন্য ভিসা দেয়ার ক্ষেত্রে তারা বেশ উদার থাকেন।
“রোগীর সঙ্গে ভারতে যেতে দুই জনকে ভিসা দেয়া হয়। অসুস্থ থাকলে সাক্ষাৎকারের জন্য রোগীর আসার প্রয়োজন হয় না।”
ভারতীয় এই কর্মকর্তা বলেন, অসম্পূর্ণ তথ্য ও পাসপোর্টে ত্রুটি থাকা ভিসার আবেদন বাতিলের মূল কারণ।
২০০৫ সালে ভিসা প্রক্রিয়ার কাজ আউটসোর্সিং করে হাই কমিশন। ২০১০ সালে অনলাইনে ভিসার আবেদন করার প্রক্রিয়া চালু করা হয়।
তিনি জানান, ভিসার জন্য কোনো ফি না নেয়া হলেও ভিসা আবেদন প্রসেসিংয়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। ভারতীয় হাই কমিশন তিন কার্যদিবসের মধ্যে ভিসা দেয়ার চেষ্টা করে।
