২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘাড় ধরে সব কিছু করানো যায় না’

জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করে এই বক্তব্য মতিয়া চৌধুরীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 07:35 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

সংঘাত বন্ধে জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে মতিয়া চৌধুরী বলেছেন, তাদের এই প্রস্তাব মানবতাবিরোধী অপরাধীদেরই উৎসাহিত করবে।

রোববার সংসদে অনির্ধারিত এক আলোচনায় আওয়ামী লীগের অন্যতম নীতি-নির্ধারক মতিয়া এই কথা বলেন।

জামায়াতকে নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “শক্তি থাকলে ঘাড় ধরে যে সব কিছু করানো যায় না, তা একাত্তরে তারা দেখেছে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “একটি শক্তিধর দেশের রাষ্ট্রদূত (ড্যান মজিনা) জামায়াতের সঙ্গে সংলাপের কথা বলেছেন। তাদের এই রকম বক্তব্য মানবতাবিরোধী অপরাধীদেরই উৎসাহিত করবে।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ এবং অভিযুক্ত নেতাদের মুক্তি দাবিতে কর্মসূচি থেকে গত কিছুদিন ধরে পুলিশের ওপর চড়াও হচ্ছে জামায়াতকর্মীরা।

সাম্প্রতিক এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে সংঘাত অবসানে সংলাপের পরামর্শ দেয়া হয়।

পুলিশের ওপর হামলার কথা তুলে ধরে কৃষিমন্ত্রী মতিয়া বলেন, “তার দেশের পুলিশের ওপর এই ধরনের হামলা হলে কি তারা প্রেমালাপ করতেন?”

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি আরো বলেন, “তারা বসার কথা বলে, নিরপেক্ষতার কথা বলে ন্যায় ও অন্যায়ের মাঝে দাঁড়িয়ে থাকে। আর সেটা অন্যায়কারীদের শক্তি যোগায়। নিরপেক্ষতার কথা বলে তারা অন্যায় করে।”

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বৃহস্পতিবারই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, “যারা খুনি, ডাকাত, মানুষ হত্যা করে তাদের সাথে কিসের সংলাপ?”
যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে তৎপরদের শরিয়া আইনে বিচার নিয়ে যে কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদে তা নিয়েও কথা বলেন মতিয়া চৌধুরী।

সংসদ নেতার অনুপস্থিতিতে সংসদে মতিয়া বলেন, “অনেকে লাফালাফি করেন- ‘অমুক লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই’। আমরা বিএনপির সময় দেখেছি- সৎ লোকের শাসন কী রকম হয়। আর, যারা আল্লাহর আইনের শাসনের কথা বলেন, দেখি না আল্লাহর আইন বাস্তবায়ন করে কী হয়। প্রধানমন্ত্রী হয়ত কথার ছলে এটাই বলতে চেয়েছেন।”

প্রধানমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের অনির্ধারিত আলোচনার পর কথা বলেন রোববার সংসদে থাকা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের অন্যতম মতিয়া।

জামায়াত-শিবির নিষিদ্ধে দাবি

সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মহাজোটের সংসদ সদস্যরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার দাবি জানান।

রাশেদ খান মেনন বলেন, “বিচার বন্ধ ও যুদ্ধপরাধীদের মুক্তির দাবিতে তারা (জামায়াত-শিবির) পুলিশের ওপর আক্রমণ করছে। সর্বশেষ তারা আইনমন্ত্রীর ওপর আক্রমণ করে রাষ্ট্রের ওপর হামলা করেছে।”

“বিএনপি তাদের (জামায়াত-শিবির) কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলছে। গঠনতন্ত্র পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের আদেশ তারা মানবে না। তাহলে নাকি তারা কমিউনিস্ট পার্টি হয়ে যাবে,” বলেন মেনন।

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি তুলে মেনন বলেন, “আমাদের যে আইন আছে, তা-ই ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধে যথেষ্ট।”

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “জামায়াত প্রমাণ করেছে, তারা বদলায়নি। তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।”

আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিমও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

তোফায়েল আহমদ বলেন, “আসুন আমরা তাদের রুখে দাঁড়াই।”

“যে কোনোভাবেই আমরা স্বাধীনতা বিরোধী- মানবতাবিরোধীদের বিচার কার্যক্রম বাস্তবায়ন করবই।”