২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হ্যালো হ্যালো ..... মাগো’

কেউ চোখের সামনে দেখেছেন স্ত্রী-সন্তানকে পুড়তে, কাউকে মোবাইল ফোনে শুনতে হয়েছে স্বজনের শেষ আর্তনাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 07:30 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত পৌনে ৩টা, রবিউল ইসলামের মোবাইল ফোনটি বেজে উঠল। ওপারে কণ্ঠ শুনলেন শ্যালিকা সুরাইয়া বেগম আয়েশার- “দুলাভাই, আমাদের চারদিকে আগুন’।

হাজারীবাগের বৌবাজার বস্তিতে থাকা আয়েশা রোববার ভোররাতে আগুন লাগার পরপরই ফোন করেছিলেন বোন শাহনাজ বেগমকে, স্বামী রবিউল ইসলামের সঙ্গে যিনি থাকেন মুন্সীগঞ্জের বিক্রমপুরে।

রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্ত্রী (শাহনাজ) ফোনটি কেড়ে নিয়ে তার বোনের (আয়েশা) সঙ্গে কথা বলে। তাকে সাবধানে বাসা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিতে দিতেই আমার স্ত্রী ‘হ্যালো’, ‘হ্যালো’ বলে চিৎকার করতে থাকে।

“পরে আমার স্ত্রীর কাছে শুনি, আয়েশা শেষে শুধু ‘মাগো’ বলে চিৎকার করে ওঠে, এরপরেই লাইন কেটে যায়।”

উৎকণ্ঠা নিয়ে বোনের খবর জানতে স্বামী রবিউলকে নিয়ে ভোরেই হাজারীবাগের বস্তিতে ছুটে আসেন শাহনাজ।

তবে বোনকে জীবিত অবস্থায় আর পাননি, আরো নয়জনের সঙ্গে পুড়ে কয়লা হল আয়েশা (২৮) ও তার মেয়ে জুলিয়া (৩)। ভোরে আয়েশা ও জুলিয়াসহ তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেয়া হয়।

পরে আরো আটজনের লাশ পাওয়া যায় বলে হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন এই বস্তিতে চার ঘণ্টার অগ্নিকাণ্ডে নিহত ১১ জনের মধ্যে ছয়জনই নারী, বাকিরা শিশু।

আয়েশা ও জুলিয়ার সঙ্গে ভোরে প্রথম পর্যায়ে আর যে লাশটি ঢাকা মেডিকেলে নেয়া হয়, তা সাড়ে ৬ বছর বয়সি আব্দুল আহাদের।

ছেলে আহাদকে চোখের সামনেই পুড়তে দেখেন শিউলী বেগম (২৪)।

শিউলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর বাঁচতে দেয়াল টপকে বেরিয়ে আসার চেষ্টায় ছিলেন তিনি ও তার স্বামী সুমন। তবে ধাক্কাধাক্কিতে পড়ে যায় সুমনের কোলে থাকা আহাদ।

“পোলাটারে তুলতে গিয়ে ওর বাবাও পড়ে যায়। মুহূর্তে আগুনসহ ঘর ভেঙে পড়ে তাদের ওপর।”

আগুন ঠেলে সুমন কোনোমতে বের হতে পারলেও ছেলেকে আর আনতে পারেননি। পরে তার লাশ পাওয়া যায়।

শিউলী যখন ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, তখন বস্তিবাসী একজন দৌড়ে এসে বলেন, “এই তোমার পোলাটারে হাসপাতাল থেকে আনতে যাবা না।”

“আমার কেউ নাই গো, ওর বাপ তো হাসপাতালে, কে আনবো আমার পোলারে...আল্লাহ এইটা কী হইলো। আমি এখন কী করুম?” কান্নায় ভেঙে পড়েন শিউলী।

শিউলীর স্বামী সুমন একজন রাজমিস্ত্রি। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

শিউলীর সঙ্গে কথা বলে একটু সামনে এগোতেই নজরে পড়ে একজনকে, যিনি মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। কথা বলতেই জানা গেল, তার নাম রহমান, তিনি ঠেলাগাড়ি চালান।

চোখের সামনে স্ত্রী মুন্নী বেগম (২৫) এবং একমাত্র মেয়ে মিমের মৃত্যুদৃশ্য দেখে প্রায় নির্বাক রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘আগুন আগুন’ শোর শুনেই তাদের ঘুম ভেঙে যায়। দুই বছর বয়সী মিমকে কোলে নিয়ে মুন্নী ঘর থেকে বেরিয়ে বস্তির ফটকের দিকে দৌড় দেয়। তখনো বস্তির ঘরগুলোতে আগুন লাগেনি।

“তার পিছে ছিলাম। গেইট দিয়ে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু না পেরে পেছনে ফেরার সময় মিমকে নিয়ে মুন্নী পড়ে যায়। তারা এমনভাবে গেটের কাছে লোহার সিঁড়িতে আটকে যায় যে ভিড়ের কারণে তাদের আর আনতে পারিনি।”

স্ত্রী-সন্তানকে আগুন গ্রাস করতে দেখলেও নিজেকে বাঁচাতে তাদের ফেলেই চলে আসতে হয় রহমানকে।

অগ্নিকাণ্ডে আর যারা নিহত হয়েছেন, তারা হলেন- হেলেনা বেগম (৫০), তার মেয়ে আকলিমা (৯) ও নাতি শাকিব (৪); সখিনা বেগম (৫৫) ও তার নাতনি ময়না (১৩); আনোয়ারা (৬০)।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল আলম জানান, বস্তির এক কোনায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইটের তৈরি একটি দোতলা দালান ও টিনের তৈরি কয়েকটি দোতালা ঘর নিয়ে দেয়াল ঘেরা একটি ছোট ‘কম্পাউন্ড’ রয়েছে, যাকে এলাকার লোকজন শামসু প্রফেসরের বস্তি বলে চেনে। ওই দেয়াল ঘেরা ঘরগুলোতেই ১১ জনের মৃত্যু হয়েছে।

প্রায় পাঁচ কাঠা জমির ওপর শামসু প্রফেসরের বস্তিতে আসা-যাওয়ার জন্য ছয়ফুট দৈর্ঘ্যরে লম্বা এবং চারফুট প্রস্থ একটিমাত্র গেট রয়েছে। এই গেটটিসহ একটি দোতালা দালান গড়ে তোলা হয়েছে। এই দালানটিতে থাকার কোন ঘর নেই। আছে রান্নাঘর, বাথরুম এবং টয়লেট।