২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পর্যটনের বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের নেতৃত্ব দিতে হবে’

পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, দেশে পর্যটন শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের নেতৃত্ব দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 04:30 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, দেশে পর্যটন শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের নেতৃত্ব দিতে হবে।

শনিবার সকালে রাজধানীর হোটেল রূপসী বাংলায় ‘পর্যটন শিল্প বিকাশে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন।

ফারুক খান বলেন, সরকারের কাজ নীতি প্রণয়ন করা। বর্তমান আওয়ামী সরকার সব সময়ই ব্যক্তিগত উদ্যোগের বিষয়টি চিন্তা করে নীতি প্রণয়ন করে আসছে। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই সরকার বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছে। পর্যটন শিল্পের উন্নয়ন অব্যাহত রাখতে বেসরকারি উদ্যোক্তাদেরই নেতৃত্ব দিতে হবে।

“সরকার ব্যক্তিগত উদ্যোক্তাদের সহযোগিতা করতে প্রস্তুত। এখন থেকে সেভাবেই নীতি প্রণয়ন করা হবে।”

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “পর্যটন শিল্প বিকাশের জন্য শুধুমাত্র নেতিবাচক খবর নয়, বরং ইতিবাচক খবরগুলোও একই গুরুত্বের সঙ্গে প্রচার করতে হবে।”

পর্যটন নিয়ে যেসব সাংবাদিক রিপোর্ট করেন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য মন্ত্রী বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নেওয়ার উপর জোর দেন।

পর্যটন শিল্পকে বাঁচাতে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আমলাতান্ত্রিক জটিলতা থেকেও বেরিয়ে আসার পরামর্শ দেন।

দেশের কয়েকটি অঞ্চলকে খুব দ্রুত পর্যটন এলাকা ঘোষণা করা হবে জানিয়ে ফারুক খান বলেন, “পর্যটকদেরও মানসিকতা পরিবর্তন করে সবুজ পর্যটনের বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে হবে।”

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম আয়োজিত এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোবিনা খন্দকার ও ফোরামের সদস্য সচিব তানজিম আনোয়ার।

বাংলাদেশ মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির প্রমুখ।