২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোঁজ মেলেনি পরাগের

অপহরণের পর একদিন পেরিয়ে গেলেও কেরানীগঞ্জের এই স্কুলছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনী অবশ্য বলছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 07:20 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

বাড়িতে টেলিফোন বেজে উঠলেই বিমল মণ্ডলের বাড়ির সবাই চমকে ওঠেন। ভাবেন, এই বুঝি কোনো খবর এল পরাগের। কিন্তু সোমবার দিনটি নিস্ফল অপেক্ষায়ই কেটেছে ওই পরিবারের, যাদের শিশু সন্তানটি একদিন আগেই অপহৃত হয়েছে।

সোমবার রাত পর্যন্ত পরাগ মণ্ডলের কোনো খবর না মিললেও র‌্যাবের মুখপাত্র এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা পরাগ অপহরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।

শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে বলে বাহিনীর উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। তিনি দুপুরে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ায় যান, যেখান থেকে পরাগকে অপহরণ করা হয়েছে।

রোববার সকালে মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শিশুটি কেরানীগঞ্জের শুভাড্যা বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

পরাগের দাদি সাবিত্রী মণ্ডল বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পরাগের মা লিপি মণ্ডল (৩৩) বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। পরাগের বোন পিনাকি মণ্ডল (১১) হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। গাড়িচালক নজরুল ইসলাম (৩৫) মিটফোর্ডে ভর্তি রয়েছেন।

বুকে ও পায়ে গুলিবিদ্ধ লিপির অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ভাই (পরাগের মামা) প্রদীপ। পিনাকী ও নজরুলের পায়ে গুলি লেগেছে।

প্রদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারো ফোন বেজে উঠলেই সবাই চমকে উঠে, এই বুঝি পরাগের কোনো খোঁজ এল।”

শুভাঢ্যা পশ্চিমপাড়ায় দোতলা বাড়িতে থাকেন বিপুল মণ্ডলের পরিবার। সারারাত অনিদ্রায় থাকা বিমল সাংবাদিক-স্বজন কারো সঙ্গেই তেমন কথা বলছেন না।

প্রদীপ বলেন, “সময় যত পার হচ্ছে। সবার মনে অজানা আতঙ্ক তত বাড়ছে।”

পরাগের পরিবারের সদস্যরা বলছেন, কেউ যদি মুক্তিপণের জন্য এই কাজ করে থাকে, তাহলেও তো একটি টেলিফোন করবে। তা করলে অন্তত জানা তো যাবে, পরাগ কীভাবে আছে।

“যারা তাকে অপহরণ করেছে, কী জন্য করেছে- তা বলুক আমাদের, ফোন করে বলুক,” বলেন পরাগের মামা।

ডিআইজি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, লেনদেন ও জমিজমা-সংক্রান্ত কারণে এই ঘটনা ঘটতে পারে। এই দুটি বিষয় মাথায় রেখে তদন্ত চলছে।

পরাগের বাবা তাঁতীবাজার জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল অবশ্য আগে সাংবাদিকদের বলেন, কী কারণে তার ছেলেকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বুঝতে পারছেন না।

“কারো সঙ্গে আমার তেমন কোনো শত্রুতা নেই। জমি নিয়ে ছোট একটি বিরোধ থাকলেও তা মিটে গেছে।”

অবশ্য নজরুল নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে এলাকার অনেকেই মনে করেন।

বাড়ি থেকে স্কুলে রওনা হওয়ার মুহূর্তে অপহৃত হয় পরাগ।

গাড়িচালক নজরুল সাংবাদিকদের বলেন, “পরাগ, পিনাকি ও ম্যাডাম (লিপি) প্রাইভেটকারে ওঠেন। ওই সময় দূরে মোটর সাইকেল রেখে এক যুবক আমার কাছে গাড়ির চাবি চায়। চাবি দিতে না চাইলে তারা আমার বাম হাতে গুলি করে। এরপর ম্যাডাম ও পিনাকিকে গুলি করে পরাগকে নিয়ে মোটর সাইকেল করে চলে যায়।”

প্রদীপ জানান, পরাগের আরেক বোন পিয়ালী (৮) দূরে দাঁড়িয়েছিল। ঘটনা দেখে সে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে সবাইকে খবর দেয়।

তবে বাড়ির সবাই বেরিয়ে আর পরাগকে পায়নি। গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে যায়।