চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক শুল্ক কর্মকর্তা ও তার দুই স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
তারা হলেন- শেখ আকরাম হোসেন টেকনাফ স্থলবন্দরের সাবেক তত্ত্বাবধায়ক (সুপারিনটেন্ডেন্ট) এবং তার দুই স্ত্রী জাহানারা বেগম ও নিলুফার ইয়াসমিন।
রোববার চট্টগ্রাম আদালতের মূখ্য মহানগর হাকিম (সিএমএম) মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের ১৬ অক্টোবর চট্টগ্রামের ডবলমুরিং থানায় দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন।
মামলায় শেখ আকরাম হোসেনের বিরুদ্ধে এক কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৪৩৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৯২ লাখ ৭৩ হাজার ১৮৫ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
দ্বিতীয় মামলায় তার প্রথম স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধেও ৪৪ লাখ ২৯ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও ১১ লাখ ছয় হাজার নয় টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
তৃতীয় মামলায় তার দ্বিতীয় স্ত্রী নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে ৩০ লাখ ৬৩ হাজার ৫৪ দশমিক ৭৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও ২৬ লাখ ৪৩ হাজার ১৪২ দশমিক ৭৩ টাকার তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে।
মাহমুদুল হক জানান, অভিযুক্ত তিন জনই উচ্চ আদালত থেকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার আসামিরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
এসময় রাষ্ট্রপক্ষ আসামি পলাতকের আশঙ্কা আছে জানিয়ে আপত্তি উত্থাপন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইউএস/এইচএএইচ/এএল/২০১৩ ঘ.
bdnews24