ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনজন উপসচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ২১ কর্মকর্তার পদে রদবদল হয়েছে।
এর মধ্যে চার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং তিন জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালককে প্রত্যাহার এবং ১১ জেলায় এডিসি পদে পরিবর্তন এসেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার প্রশাসনিক রদবদলের এই আদেশ দেয়।
উপসচিবদের মধ্যে রংপুরে ডাক জীবন বীমা আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক নজরুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলামকে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় বিভাগের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব নাজমা খানমকে সমাজসেবা অধিদপ্তরের মৈত্রী শিল্প সংস্থার পরিচালক প্রশাসন পদে দায়িত্ব পালনের জন্য তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া চার এডিসি হলেন- যশোরের মীর জহিরুল ইসলাম, সুনামগঞ্জের কামরুল আলম, নওগাঁর তাহমিদুল ইসলাম এবং নড়াইলের আবুল হাসনাত মো. লতিফুল কবীর।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালকদের মধ্যে প্রত্যাহার হয়েছেন ঠাকুরগাঁওয়ের শাহ আলম, বরিশালের শাহজাহান আলী এবং কক্সবাজারের মোহাম্মদ জসিম উদ্দিন।
নোয়াখালীর এডিসি আলিম আক্তার খানকে নড়াইল, কুষ্টিয়ার এডিসি খন্দকার আজিম আহমেদকে পঞ্চগড় এবং ঝিনাইদহের এডিসি আশরাফুল ইসলামকে কুষ্টিয়ার এডিসি পদে বদলি করা হয়েছে।
নতুন করে এডিসির দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন পনিরকে যশোর, হবিগঞ্জের বানিয়াচংয়ের ইউএনও দেবজিৎ সিংহকে সুনামগঞ্জ, পাবনার ঈশ্বরদীর ইউএনও নাজনীন হোসেনকে নওগাঁ, রংপুর কাউনিয়ার ইউএনও সুলতানা পারভীনকে ঠাকুরগাঁও, বান্দরবানের রোয়াংছড়ির ইউএনও এসএম শাহিন পারভেজকে নোয়াখালী, মুন্সিগঞ্জের লৌহজংয়ের ইউএনও সাইফুল ইসলামকে রাজবাড়ী, খাগড়াছড়ি সদরের ইউএনও এসএম শাহ হাবিবুর রহমান হাকিমকে কক্সবাজার এবং বরিশাল বাকেরগঞ্জের ইউএনও লাল হোসেনকে পিরোজপুরের এডিসি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮০০ ঘ.
bdnews24