ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন ও বিরোধী দলসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে একইদিনে সংলাপ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
রোববার আগারগাঁওয়ে নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “ঈদের পর রাজনীতিবিদদের সঙ্গে সংলাপ করার সব ব্যবস্থা নিচ্ছি আমরা। সব দলকে একদিনে ডেকে তাদের মতামত নেব। তাদের সীমিত সংখ্যক প্রতিনিধি (অন্তত দুই) পাঠাতে আমন্ত্রণ জানানো হবে।”
বিগত নির্বাচন কমিশন বিভিন্ন বিষয়ে মতামত নেয়ার জন্য ২০০৭ সাল থেকে এই সংলাপ চালু করলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা চালায়।
অবশ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়া নতুন কমিশনের সদস্য শাহনেওয়াজ মনে করছেন, একদিনে সবাইকে ডাকলেও সাড়া পেতে সমস্যা হবে না।
যদিও প্রধান বিরোধী দল বিএনপি এই কমিশনের সঙ্গে কোনো সংলাপে যাবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান কমিশন ‘অনৈতিক প্রক্রিয়ায় গঠিত’ হওয়ায় তাদের সঙ্গে তারা বসবেন না।
তবে নির্বাচন কমিশনার শাহনেওয়াজের বিশ্বাস, মুখে বিরোধিতা করলেও বিএনপি ‘শেষ পর্যন্ত’ ইসির সংলাপে যাবে।
তিনি বলেন, “সব রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ জানানো হবে। সবাই এসে গুরুত্বপূর্ণ মতা দেবেন। রাষ্ট্রের স্বার্থে তারা (বিএনপি) মত পরিবর্তন করতে পারে। আশা করি, শেষ পর্যন্ত আসবে তারা।”
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান কমিশন ইতোমধ্যে সংসদীয় এলাকার সীমানা পুননির্ধারণ বিষয়ে সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধির মতামত নিয়েছে।
“সীমানা পুনর্নির্ধারণের কাজটি দ্রুত করতে হবে আমাদের। সম্ভব হলে বিভিন্ন এনজিওর সঙ্গেও আলোচনা করার কথা ভাবছি। অবশ্য এনজিওগুলোর সঙ্গে বসলে রাজনৈতিক দলের আগেই বসব”, বলেন শাহওনেওয়াজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৫৩০ ঘ.
bdnews24