চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি ২০০০- এর শীর্ষ কর্মকর্তাদের মুক্তি ও জব্দ ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার দাবিতে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির চট্টগ্রাম ডিস্ট্রিবিউটর ফোরাম।
রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ফোরামের প্রায় এক হাজার সদস্য এ মানববন্ধনে অংশ নেন।
“ডেসটিনিতে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হইনি, তবে কার স্বার্থে এ ষড়যন্ত্র? আমাদের পাশে দাঁড়াবার কেউ কি নেই?” এই ব্যানার নিয়ে ফোরামের সদস্যরা মানববন্ধন করেন।
মুদ্রা পাচারের অভিযোগে ডেসটিনি ২০০০ লিমিটেডের ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার হয়েছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, প্রেসিডেন্ট হারুন-অর-রশিদ ও পরিচালক দিদারুল আলম।
সম্প্রতি জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ।
মানববন্ধনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠ করেন ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম চট্টগ্রামের সদস্য সচিব রাজীব তালুকদার।
ফোরামের আহবায়ক রাজীব মিত্র বলেন, ডেসটিনি গ্রুপের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ হওয়ায় গত সাত মাস ধরে গ্রাহকরা বেতন, বোনাস, কমিশন কোনো কিছুই পাচ্ছেন না।
তাই বাধ্য হয়ে ডেসটিনির ৪৫ লাখ গ্রাহকের পক্ষে ডিস্ট্রিবিউটর ফোরাম মাঠে নেমেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, “ডেসটিনিকে বাঁচাতে প্রয়োজনে তারা গণঅনশন করতেও প্রস্তুত আছেন।”
ডেসটিনি সম্পর্কে অল্প, অস্বচ্ছ ও অস্পষ্ট ধারণা নিয়ে অপপ্রচার করা হচ্ছে দাবি করে মানবন্ধনে বক্তারা দাবি করেন, গত ১২ বছরে ডেসটিনি সরকারের নানা উন্নয়নমূলক কাজেও সহযোগিতা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইউএস/এমডি/এসইউ/১৩১২ ঘ.
bdnews24