নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের একটি রপ্তানিমুখী শিল্প কাখানার জমি দখলের চেষ্টার সময় শনিবার সন্ত্রাসীদের সঙ্গে কারখানা শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
এসময় সন্ত্রাসীদের হামলায় ১১ শ্রমিক আহত হন।
এর প্রতিবাদে দুপুরে ওই কারখানার কয়েক হাজার শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
‘অবন্তী কালার টেক্্র’ নামের এই কারখানার মালিক নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ’র সহ-সভাপতি এএইচ আসলাম সানি।
অবন্তী কালার টেক্্েরর উপ-মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর অভিযোগ করেন, স্থানীয় যুবলীগ নেতা শাহ্ নিজাম ফতুল্লার শাসনগাঁও এলাকায় কারখানাটির ৭০ শতাংশ খালি জমির মধ্যে ২০ শতাংশ গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর দখল করে সেখানে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে ব্যর্থ হন।
শনিবার দুপুর দেড়টায় শাহ্ নিজামের ‘অনুগত সন্ত্রাসী’ আব্দুর রউফ মাতবর, রাকিবউদ্দিন সুমন, দেলোয়ার হোসেন, ফেন্সি রাসেল ও ইউনুস সরদার কিছু লোক নিয়ে ওই জমিটি দখল করে সাইনবোর্ড লাগানোর সময় শ্রমিকরা তাদের বাধা দেয়।
এ সময় সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালালে কারখানার ১১ জন শ্রমিক আহত হন বলে জানান হুমায়ুন কবীর।
এ হামলার ঘটনায় পাঁচ সন্ত্রাসীর নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেএমইএ সহ-সভাপতির কারখানার জমি সন্ত্রাসীরা দখল করতে গেলে শ্রমিকরা তাদের বাধা দেয়। এসময় সন্ত্রাসীরা শ্রমিকদের উপর হামলা চালায়। এতে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম তার বিরুদ্ধে জমি দখলের এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১২ ঘ.
bdnews24