দিনাজপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, অনিয়মে কোনো ছাড় দেয়া হবে না।
শনিবার তিনি সেখানে সদ্য সংযোজিত একটি লোকমোটিভ উদ্বোধনও করেন।
পার্বতীপুর লোকোমেটিভ কারখানাসহ রেলের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “যেখানেই অনিয়ম হবে, সেখানেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে অনেক অনিয়মের তদন্ত হচ্ছে এবং ব্যবস্থা নেয়া হয়েছে।”
এ সময় পার্বতীপুর লোকমটিভ কারখানাটিকে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেয়ার আশ্বাস দেন তিনি।
অচল লোকমোটিভ সচল করায় রেলকর্মীদের প্রশংসা করে মুজিবুল হক বলেন, দেশের প্রকৌশলী ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও প্রযুক্তির মাধ্যমে মাত্র দেড় কোটি টাকা ব্যয়ে পরিত্যক্ত ও অচল লোকমোটিভ (রেল ইঞ্জিন) সচল করার এটি নতুন রেকর্ড।
২০০১ সালে ঢাকা-চট্রগ্রাম রুটে দুর্ঘটনা কবলিত হয়ে এই লোকমোটিভটি একেবারেই অচল হয়ে পড়েছিল। রেলওয়ে বিভাগের প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা এটিকে সচল করে।
মন্ত্রী জানান, পূজা ও ঈদ উপলক্ষে সারাদেশে ১৪টি স্পেশাল ট্রেন চালুর ব্যবস্থা ছাড়াও ১২৫টি নতুন রেলওয়ে কোচ বিভিন্ন আন্তঃনগর ট্রেনের সংযোজন করা হয়েছে। পূজা ও ঈদ উদযাপনে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমানোর লক্ষে মন্ত্রণালয় কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের অতিরিক্ত মহা পরিচালক খলিলুর রহমান, রেলের মহাব্যবস্থাপক মো. তাহের হোসেন ও পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান মনসুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৫২ ঘ.
bdnews24