সিরাজগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা নদীর চৌহালী পয়েন্টে ব্যাপক ভাঙনে বিলীন হয়ে যাওয়ার মুখে থাকা চৌহালী উপজেলা সদরের প্রশাসনিক কার্যক্রম চৌহালী ডিগ্রি কলেজে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শনিবার উপজেলা সদরের সব বিভাগের কর্মকর্তারা-কর্মচারীরা কার্যালয়ের মালামাল সরিয়ে নেয়া শুরু করেছেন। ইতোমধ্যে দুটি ব্যাংকের সব মালামাল সরিয়ে নেয়া হয়েছে।
সিরাজগগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাঙনের মুখে বিলীন পথে চৌহালী উপজেলা সদর কার্যালয় চৌহালী ডিগ্রি কলেজে স্থানান্তর করার নির্দেশ দেয়া হয়েছে।”
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানান্তরের কাজ শুরু করেছে এবং ইতোমধ্যে সদরের ঘেরাওয়ের মধ্যে অবস্থিত কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক পাশের একটি বিদ্যালয়ে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
গত ৪৮ ঘণ্টার ভাঙনে উপজেলা সদর সংলগ্ন উত্তর দিকের প্রায় ২০টি বাড়ি, অফিসার্স কোয়ার্টারের দোতলা দুটি ভবন, একটি স্কুল, বেশ কয়েকটি দোকানপাট ও খাবার হোটেলসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত কৃষি ব্যাংকের একাংশ ভাঙনের মুখে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান, চৌহালী উপজেলা সদরের সরকারি স্থাপনা রক্ষায় ৩২ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৭’শ পনেরো মিটার দীর্ঘ বাঁধের নির্মাণকাজ প্রায় সাত মাস আগে শেষ হয়। এ বছরের বর্ষা মৌসুমে ৪ জুন বাঁধের ৪০ মিটার, ৩০ জুন ৮০ মিটার ও ১৭ সেপ্টেম্বর একশ মিটার নদীগর্ভে বিলীন হয়।
তৃতীয় দফা ভাঙনরোধে মাটিভর্তি প্রায় দেড় লাখ জিওটেক্সটাইল বস্তা ফেলা হয়। এরপরও শুক্রবার রাতে স্টাফ কোয়ার্টারের দুটি ভবন, একটি স্কুল ও আশপাশে প্রায় ২০টি বাড়ি নদীতে বিলীন হয়ে যায়।
এছাড়া নদীতে তীব্র স্রোত থাকায় বাঁধসংলগ্ন দক্ষিণ পাশের আটাপাড়া, ধলাই, খাস কাউলিয়া, রেহাই কাউলিয়া, খাসপুকুরিয়া, শম্ভদিয়া, পাথরাইল, মিটুয়ানী ও শাকপাল গ্রাম ভাঙ্গনে প্রায় বিলীন হওয়ার মুখে।
চৌহালী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী নাসির উদ্দিন জানান, আকস্মিক ভাঙনে উপজেলা সদরের দুটি কোয়ার্টার ও একটি স্কুল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর তীর থেকে উপজেলা প্রশাসনিক ভবন মাত্র সাত মিটার দূরে রয়েছে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অচিন কুমার কু-ু বলেন, ভাঙন পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় প্রশাসনিক কার্যক্রম চৌহালী ডিগ্রি কলেজে স্থানান্তর করা হচ্ছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রকাশ ঘোষ জানান, শুক্রবার যমুনা নদীতে হঠাৎ তীব্র ¯্রােত ও ঘূর্ণাবর্তে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দুটি ভবনসহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। জিওটেক্সটাইল ভর্তি বালির বস্তা ও সিসি ব্লক ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১৪৫ ঘ.
bdnews24