২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষ দিয়ে’ ছাড়া পেয়ে পরদিন গ্রেপ্তার

গাজীপুরে ঘুষের বিনিময়ে তিন মাদক ব্যবসায়ীকে আগের দিন ছেড়ে দেয়ার অভিযোগ করেছিল স্থানীয়রা। পরদিন সেই তিন জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

গাজীপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঘুষের বিনিময়ে তিন মাদক ব্যবসায়ীকে আগের দিন ছেড়ে দেয়ার অভিযোগ করেছিল স্থানীয়রা। পরদিন সেই তিন জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় শনিবার আনোয়ার হোসেন নামে এক জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আনোয়ার গাজীপুর সদর উপজেলার ভোগড়া গ্রামের জালাল উদ্দিন ব্যাপারীর ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভোগড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৬), আনোয়ার হোসেন টিটু (৩৫) ও আব্দুল মান্নানকে (২৭) ইয়াবা বড়িসহ আটক আটক করলেও টাকা বিনিময়ে জয়দেবপুর থানা পুলিশ তাদের ছেড়ে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন। পুলিশের হাত থেকে ছাড়া পাওয়া আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাবিকৃত ঘুষের টাকা বুঝে পাওয়ার পরপরই তাদের ছেড়ে দেয়া হয়। ওই কর্মকর্তার নাম জানতে চাইলে তিনি বলেন, “মাইক্রোবাসে তুলে নেয়ার পর পুলিশের এক কর্মকর্তা অন্য এক কর্মকর্তাকে বাচ্চু নাম ধরে ডাকতে শুনেছি।” জয়দেবপুর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে বাচ্চু মিয়া নামে এক উপ-পরিদর্শক রয়েছেন। এ ব্যাপারে এসআই বাচ্চু মিয়া তাদের আটকের কথা স্বীকার করে বলেন, “তাদের আটক করা হলেও মাদক না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে।” তবে ঘুষ নেয়ার কথা অস্বীকার করেছেন তিনি। জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, শনিবার সকালে ১২০টি ইয়াবাবড়িসহ আনোয়ার হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দিন ছেড়ে দেয়া তিন মাদক ব্যবসায়ীর নামে মামলা দায়েরের কথাও স্বীকার করেন তিনি। ওসি জানান, আনোয়ার হোসেনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য দুই আসামি আনোয়ার হোসেন টিটু (৩৫) ও আব্দুল মান্নানকে (২৭) গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৩৭ ঘ.