নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুমিদস্যুদের কবল থেকে লক্ষ্মীনারায়ণ কটন মিলকে রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে সিপিবি-বাসদ মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম বলেন, “২২ একর জায়গা নিয়ে গঠিত লক্ষ্মীনারায়ণ মিলকে ভুমিদস্যুরা গ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।”
২০০১ সালে এই বস্ত্রকলটি পরিচালনার দায়িত্ব শ্রমিকের হাতে তুলে দেয়া হয়। তখন থেকে শ্রমিকদের মধ্য থেকে নির্বাচিত ১২ জনের পরিচালনা পর্ষদ এটি পরিচালনা করে আসছে।
“সেই পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে অবৈধভাবে ১১ বছর ধরে থাকা শামসুদ্দিন প্রধান মিলটিকে নিট কনসার্নের মালিক জয়নাল আবেদিনের সঙ্গে যৌথ মালিকানার চুক্তির নামে তার হাতে তুলে দিচ্ছে,” বলেন সিপিবি নেতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24