সাভার, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় চোর সন্দেহে গণপিটুনির শিকার দুজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে আশুলিয়ার তৈয়বপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
পিটুনিতে আহত সোহাগ মিয়া (২৫) ও রতনকে (২৮) সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৈয়বপুর গ্রামের মফিজ মাস্টারের বাড়ি গ্রিল কেটে মোটর সাইকেল চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়। পরে তারা সোহাগ ও রতনকে ধরে ফেলে।
“চোর ধরার খবর পেয়ে এলাকার লোকজন একত্রিত হয়ে পিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭০৪ ঘ.
bdnews24