২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 04:51 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউল হক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষক এ বি এস এম ওসমান গণি যৌতুকের অভিযোগে তার ছোট বোন দিলরুবা সুলতানাকে নির্যাতন করেন। লিখিত বক্তব্যে জিয়াউল হক বলেন, ১০ লাখ টাকা যৌতুক চেয়ে গত ১৬ অক্টোবর ওসমান গণি ও তার পরিবারের অন্য সদস্যরা সুলতানাকে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং ঘরে তালাবদ্ধ রেখে মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করে। এ ঘটনায় সুলতানা গত ১৮ অক্টোবর চট্টগ্রামের খুলশী থানায় স্বামী ওসমান গনিসহ চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন বলে জিয়াউল হক জানান। তিনি জানান, ২০১১ সালের অগাস্টে কক্সবাজারের মহেশখালী এলাকার ওসমানের সঙ্গে পারিবারিকভাবে দিলরুবার বিয়ে হয়। বিয়ের ১০ দিন পর ওসমান নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে চলে যায়। “এর পর থেকে নরওয়ে থেকে ওসমান তার পরিবারের সদস্যদের মাধ্যমে যৌতুক দাবি করে। বিভিন্ন সময় আমার বোনকে মানসিক ও শারীরিকভাবে তার পরিবারের সদস্যরা নির্যাতন করেছে, ” বলেন তিনি। গত ২ অক্টোবর ওসমান দেশে ফিরে যৌতুকের টাকা দিতে দিলরুবার ওপর আবারও শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। একমাত্র শিশুপুত্রসহ ওসমান দিলরুবাকে ঘর থেকে বের করে দেয় বলে তিনি জানান। জিয়াউল হক বলেন, “খুলশী থানায় বোনের করা মামলায় ওমসানকে গ্রেপ্তারের বিষয়ে যোগাযোগ করতে গেলে মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের গ্রেপ্তার না করার বিষয়ে ডিসির নির্দেশ রয়েছে। কারণ মামলা তেমন সেনসিটিভ না।” “আমি খোঁজ নিয়ে দেখেছি যে, বোনের স্বামী ওসমানের সঙ্গে চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তার ভালো পরিচয় রয়েছে।” আগামী ২১ অক্টোবর যে কোনো সময় ওমসান দেশ ত্যাগ করতে পারে জানিয়ে নারী নির্যাতন মামলার আসামি হিসেবে তার দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞার দাবি জানান জিয়াউল হক। সংবাদ সম্মেলনে দিলরুবা সুলতানা ও তার মা সিরাজ নূর উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/এসইউ/২২২৭ ঘ.