২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা রিসোর্টের প্রহরী খুন, আটক ৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রিসোর্টের প্রহরী জয়নাল আবেদীন খুনের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই ব্যবস্থাপকসহ ছয় জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রিসোর্টের প্রহরী জয়নাল আবেদীন খুনের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই ব্যবস্থাপকসহ ছয় জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাদেরকে পদ্মা রিসোর্ট থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন- ব্যবস্থাপক আবু জাফর সায়োরার (৩৭) ও মো. শাহবাজ (৫০), কর্মচারী মো. মফিজ (২৭), মো. মোস্তফা (২৭) মো. রাসেল (১৭) ও রফিক (৩৫)। পুলিশ জানায়, বুধবার রাতে দায়িত্ব পালন শেষে নিখোঁজ হন প্রহরী জয়নাল (৬০)। শুক্রবার রাতে তার লাশ পদ্মায় ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। জয়নাল লৌহজংয়ের হাট ভোগদিয়া গ্রামের ওয়াজউদ্দিনের ছেলে। তিনি বিডিআর এর অবসরপ্রাপ্ত জওয়ান। লৌহজং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ খান সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে জয়নাল হত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। জয়নালের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের শ্যালক আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর, গলায় পাথর বেঁধে জয়নালের লাশ পদ্মায় ডুবিয়ে দেয়া হয়। পদ্মা রিসোর্টে ‘অনৈতিক’ কাজ দেখে ফেলার কারণেই জয়নালকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের স্ত্রী জাহানারা বেগম (৪৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২২১ ঘ.