২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক শিশুদের জন্য এমটিবির বিশেষ সেবা

দেশে প্রথমবারের মতো অটিস্টিক শিশুদের জন্য ব্যাংকিং সেবা চালু করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো অটিস্টিক শিশুদের জন্য ব্যাংকিং সেবা চালু করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। সম্প্রতি ‘এমটিবি কেয়ার’ নামে একটি বিশেষ স্কিম চালু করেছে এই বেসরকারি ব্যাংকটি। এতে অটিস্টিক শিশুদের সঞ্চয়ী হিসাব খোলার সুযোগ থাকছে। এ বিষয়ে প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবলের প্রেসিডেন্ট সাজিদা রহমান ড্যানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা শুধু আর্থিক লেনদেনের জন্য একটি ব্যাংক হিসাব নয়, বিশেষ সহায়তার প্রয়োজনের ব্যক্তিদের মর্যাদার স্বীকৃতিও এটা।” ব্যাংকটির এ স্কিমের আওতায় বিশেষ সহায়তার প্রয়োজনের যে কোনো বয়সী শিশু তার বাবা-মা অভিভাবকের সহায়তায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। ওই ব্যাংকের নিয়মিত যে সব হিসাব রয়েছে সেগুলোর চেয়ে এ হিসাবে অপেক্ষাকৃত কম ফি ধরা হয়েছে বলে জানান সাজিদা রহমান। বাংলাদেশে বিশেষ সহায়তার প্রয়োজনের শিশুর সংখ্যা সম্পর্কে কোনো পরিসংখ্যান নেই। তবে প্রতি হাজারে আট জন শুধু অটিজমে আক্রান্ত বলে ধারণা করা হয়। বাংলাদেশে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এসব শিশুর সম্পদে কোনো অধিকার নেই জানিয়ে সাজিদা রহমান বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এ উদ্যোগ সন্তানের ভবিষ্যৎ নিয়ে অটিস্টিক শিশুর বাবা-মার দুশ্চিন্ত লাঘব করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এসইউ/২১২৭ ঘ.