২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা বিদ্রোহের শেষ মামলার রায় শনিবার

সদর রাইফেল ব্যাটালিয়ন ইউনিটের মামলার রায়ের মধ্য দিয়ে শনিবার শেষ হচ্ছে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর রাইফেল ব্যাটালিয়ন ইউনিটের মামলার রায়ের মধ্য দিয়ে শনিবার শেষ হচ্ছে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কার্যক্রম। পিলখানার দরবার হলের এজলাসে সকালে এ রায় দেয়া হবে। সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৩ জনের বিরুদ্ধে ২০১০ সালের ১১ জুলাই অভিযোগ দায়ের করা হয়। এই মামলায় প্রথম ৭৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। কারাগারে বন্দি অবস্থায় দুই জন মারা যান। ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানাসহ দেশের বিভিন্নস্থানে বিডিআর বিদ্রোহের পর বিডিআর আইনে মোট ৫৭টি মামলা হয়। ৫৭টি মামলার মোট আসামি ৬ হাজার ৪১জন। এর মধ্যে ৫৬টি মামলার রায়ে ৫ হাজার ২০৩ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। খালাস পেয়েছে ১০৫ জন। এসব বিদ্রোহ মামলার মধ্যে ২০০৯ সালে ২৪ অক্টোবর প্রথম বিচার শুরু হয় রাঙ্গামাটির ১২ রাইফেল ব্যাটালিয়ন রাজনগরের ৯ জনের বিরুদ্ধে। পরবর্তীতে ২০১০ সালের ২ মে এই মামলার প্রত্যেক আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ছাড়া বিডিআর বিদ্রোহের মামলার প্রথম রায় হয় পঞ্চগড়ের ২৫ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহের ঘটনায়। পিলখানায় হত্যা-লুণ্ঠনের মামলা চলছে ঢাকার জজ আদালতে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/১৯৪২ ঘ.