সিরাজগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হল-মার্ক কেলেঙ্কারির মধ্যে অবৈধ সম্পদ থাকার অভিযোগ ওঠায় দুদকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরি দাবি করেছেন, সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হচ্ছে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরে এক সংবাদ সম্মেলনে মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা হেনরি বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে কিছু দিন ধরে দেশের বেশ কিছু পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ও আমার পরিবারের নামে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে যা রাজনৈতিক ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত।”
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক এই সদস্য দাবি করেন, যড়ষন্ত্রের কারণে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পরাজিত হন।
হল-মার্ককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দেয়ায় অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্যদের সম্পদ অনুসন্ধানের পদক্ষেপ নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পরও হেনরি সাংবাদিকদের কাছে নিজেকে ‘ষড়যন্ত্রের’ শিকার বলে দাবি করেছিলেন।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে কারসাজির মাধ্যমে হল-মার্ক গ্রুপকে বিপুল অংকের টাকা ঋণ দেয়ার ঘটনায় এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য একবার দুদক কার্যালয়ে ডাকা হয় হেনরিকে।
সংবাদ সম্মেলনে হেনরি বলেন, “আমার অবৈধ অর্থ সম্পদ অর্জনের বিষয়ে মিডিয়ায় যা প্রচারিত হচ্ছে তা সত্য নয়। এ সকল বিষয়ে দুদকের কাছে আমি লিখিত জবাব দিয়েছি।”
হল-মর্কের অর্থ কেলেঙ্কারির খবর প্রকাশের পর সোনালী ব্যাংকের তখনকার পরিচালনা পর্ষদের সদস্য হেনরির বিরুদ্ধে কয়েকটি সংবাদ মাধ্যমে অবৈধভাবে বিপুল সম্মদের মালিক হওয়ার খবর প্রকাশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এসইউ/১৮২৩ ঘ.
bdnews24