২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের তথ্য ‘প্রমাণ হিসাবে’ আনছে এফবিআই

গত জুলাইয়ে নাফিস, তার এক ‘সহযোগী’ ও এফবিআইয়ের এক সোর্সের মধ্যে ফেইসবুকে যোগাযোগ হয়। তারই সূত্র ধরে নাফিসের ব্যাপারে সজাগ হয় এফবিআই ও নিউ ইয়র্কের পুলিশ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের ফেইসবুক পেইজের তথ্য ধরে তার বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। শুক্রবার হাফিংটনপোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এফবিআইয়ে এক সোর্সের সঙ্গে ফেইসবুকে নাফিসের কথোপকথনের সূত্র ধরেই তার ব্যাপারে সজাগ হয় এফবিআই ও নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। যুক্তরাষ্ট্রের আদালতে নাফিসের অপরাধের যে বিবরণ তদন্ত কর্মকর্তারা দিয়েছেন, তাতে ফেইসবুকে তার বিভিন্ন কথোপকথন ও কার্যক্রমও তুলে ধরা হয়েছে প্রমাণ হিসাবে। এতে বলা হয়, ২০১২ সালের ৬ ও ৮ জুলাইয়ের মধ্যে নাফিস, তার এক সহযোগী ও এফবিআইয়ের ওই সোর্সের মধ্যে ফেইসবুকে যোগাযোগ হয়। ফেইসবুকের ওই কথোপকথন এফবিআইয়ের সোর্স রেকর্ড করেন। তাদের মধ্যে ইসলামের কয়েকটি নীতি নিয়ে আলোচনা হয় এবং বলা হয়, কোনো ব্যক্তির অন্য কোনো দেশে গিয়ে জিহাদী কার্যক্রম চালানো বৈধ নয়। তখন নাফিস বলেন, তিনি বাংলাদেশের একজনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি পরামর্শ দিয়েছেন যে, ওই সব নীতি অনুসরণের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। ফেইসবুকের কথপোকথনে নাফিস ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা নিয়ে এগোনোর ক্ষেত্রে ধর্মীয় কোনো বাধা নেই বলেই তিনি মনে করেন। হাফিংটন পোস্ট জানায়, গ্রেপ্তার হওয়ার দিনও নাফিস স্কাইপের সাহায্যে বাংলাদেশের তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তখন নিজের লেখাপড়ার বিষয়ে সর্বশেষ অবস্থা পরিবারের সদস্যদের জানান তিনি। বুধবার নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবনের সামনে থেকে নাফিসকে গ্রেপ্তার করে পুলিশ ও এফবিআই। এফবিআই বলছে, ম্যানহাটানে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে ‘বিস্ফোরকভর্তি’ ভ্যান দাঁড় করিয়ে নাফিস পাশের মিলেনিয়াম হিল্টন হোটেলে যান। সেখান থেকে তিনি ভ্যানে রেখে আসা সেলফোনে বার বার কল দিতে থাকেন এক হাজার পাউন্ড (৪৫৪ কোজি) বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানোর জন্য। কিন্তু ভ্যানে সত্যিকারের বিস্ফোরক না থাকায় সেটি আর ফাটেনি বলে জানিয়েছে এফবিআই। নাফিসের সঙ্গে ই-মেইলে যোগাযোগের সূত্র ধরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে হাওয়ার্ড উইলি কারটার নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে এফবিআই। এফবিআই বলছে, কারটার ‘ইয়াকিন’ পরিচয়ে নাফিসের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করেছিলেন। নাফিসকে সন্ত্রাসী আক্রমণে সহায়তার কথাও বলা হয় তা সেইসব ই-মেইলে। যুক্তরাষ্ট্রের আদালতে নাফিসের বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও জঙ্গি সংগঠন আল কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মিসৌরি স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে পড়াশোনা করতে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যান নাফিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৭০২ ঘ.