রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে ‘শিবির কর্মী সন্দেহে’ আটকে রেখে রাতভর নির্যাতন করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
গুরুতর আহত ফিরোজ আলম গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের ৪২০ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিরোজ বলছেন, বৃহস্পতিবার রাত ৩টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত তাকে হলে আটকে রেখে মারধর করা হয়।
হলের ছাত্ররা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা ফিরোজের দাড়ি কাটতে বললেও তিনি তা না করায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাকে ৩০৮ নম্বর কক্ষে ডেকে নেয়া হয়। ফিরোজ ওই কক্ষে গেলে ছাত্রলীগ কর্মীরা তাকে হলের ছাদে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজ বলেন, ছাত্রলীগের হল শাখার সভাপতি জুবায়ের ইবনে তানিম, দেলাওয়ার হোসেন, মনির, শেখ রাসেল এবং ফিরোজের নেতৃত্বে প্রায় ১৫/২০ জনের একটি দল রড, হকিস্টিক এবং লাঠি দিয়ে তাকে বেধরক মারধর করে। পরে ছাদ থেকে হলের ৩০৮ নম্বর কক্ষে নিয়ে দ্বিতীয় দফা মারধর করা হয় তাকে।
তিন ঘণ্টার বেশি সময় আটকে রেখে নিযার্তনের পর ভোর সাড়ে ৬টার দিকে তাকে ছেড়ে দেয়া হয় বলে ফিরোজ জানান।
হলের শিক্ষার্থীরা আহত অবস্থায় ফিরোজকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান তাকে নেয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরকালের কথা চিন্তা করে রাসুলের সুন্নাত পালন করার জন্য দাড়ি রেখেছি। এ কারণে ওরা (ছাত্রলীগ) আমাকে সারা রাত নির্যাতন করেছে। আমাকে আজ দিনের মধ্যে (শুক্রবার) হল ত্যাগ করতে বলা হয়েছে। হল না ছাড়লে ওরা আমাকে হত্যার হুমকিও দিয়েছে।”
ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন ফিরোজ।
এ দিকে এ ঘটনা চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা মাদার বখ্শ হলের মূল ফটকে তালা লাগিয়ে রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় এবং কয়েকজন ছাত্রকে মারধর করে বলেও অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ হল শাখার সভাপতি জুবায়ের ইবনে তানিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শতাধিক শিবির নেতাকর্মীর একটি লিস্ট তৈরি করেছি। এর ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফিরোজকে জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার না করায় তাকে শুধু ভয় দেখানো হয়েছে, মারধর করা হয়নি।”
তল্লাশির বিষয়ে প্রশ্ন করলে জুবায়ের বলেন, সাধারণ শিক্ষার্থীদের ‘নিরাপত্তার জন্যই’ হলের ফটক বন্ধ করে তল্লাশি চালানো হয়েছে।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলী এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছাত্র (ফিরোজ) শিবিরকর্মী ছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতে ছাত্রলীগের কিছু ছেলে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।”
তবে তাকে মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন আহমেদ।
মাদার বখশ হলের প্রাধ্যক্ষ শেরেজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে কয়েক জন ছাত্রকে হল থেকে বের করে দেওয়ার ঘটনা তিনি শুনেছেন। তবে বৃহস্পতিবার রাতে কেনো ‘অপ্রীতিকর ঘটনার কথা’ তিনি জানেন না।
শিক্ষার্থীদের কক্ষে ছাত্রলীগের তল্লাশি ও তাদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুললে কোনো মন্তব্য করেননি প্রাধ্যক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২২ অক্টোবর হলে শিবিরের হামলার আশঙ্কা আছে জানিয়ে ছাত্রলীগ ফটকে তালা দিয়ে তল্লাশি চালানোর কথা আমাকে জানিয়েছে।”
তবে কাউকে নির্যাতন করার কথা শোনেননি বলে জানান প্রক্টর।
ফিরোজের বিষয়ে জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন, “নির্যাতনের খবর সাংবাদিকদের কাছে গেল কীভাবে?”
এ রকম কোনো অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে একই হল থেকে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘স্বজন’ এর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নবেল আহমেদ (পরিসংখ্যানে মাস্টার্স), ওই সংগঠনের সদস্য আব্দুর রহমান সৌরভ (ভাষা বিভাগ মাস্টার্স), আবু হুসাইন (ব্যবস্থাপণা তৃতীয় বর্ষ), মিন্টু হোসেন (ফাইনান্স এ্যান্ড ব্যাংকিং এমবিএ) ও শামীম আহমেদকে (ব্যবস্থাপনায় এমবিএ) বের করে দেয় ছাত্রলীগ কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৩২০ ঘ.
bdnews24