ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঈদের পর সংলাপে বসছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বৃহস্পতিবার বিকালে শেরে বাংলানগরে ইসি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান ইসির এটি হবে প্রথম সংলাপ।
নিবন্ধিত দলগুলোকে সংলাপে আসতে আমন্ত্রণ পাঠানো হবে উল্লেখ করে সিইসি বলেন, “ঈদের পরই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসা হবে। সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপে এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি।”
সংলাপে সব রাজনৈতিক দল অংশ নিয়ে কমিশনকে ভাল পরামর্শ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কাজী রকিবউদ্দীন বলেন, সংলাপের দিন-তারিখ ঠিক করে সাংবাদিকদের জানানো হবে।
“আমাদের উদ্দেশ্য দেশে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করা। সেটি আমাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে চাই। আশা করছি সীমানা নির্ধাণের বিষয়ে রাজনৈতিক দলগুলোও কমিশনকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবে ”
রংপুরে সীমিত ইভিএম
আসন্ন রংপুর সিটি করপোরেশনে সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানান কাজী রকিব।
রংপুর সিটি নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, ঈদের পরই রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ১১শ’ ইভিএম ব্যবহার উপযোগী করার কাজ চলছে।
২৫ ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
‘শুধু স্থানীয় নির্বাচনে ইভিএম’
এক প্রশ্নের জবাবে সিইসি জানান, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো বিধিমালা নেই। স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধিমালা থাকায় তা করা হয়েছে।
তিনি বলেন, এতে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলের পূর্ণ আস্থা তৈরি হলেই জাতীয় নির্বাচনে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হবে। বর্তমানে শুধু স্থানীয় সরকার নির্বাচনেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১২৬ ঘ.
bdnews24