কিশোরগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীকে কটুক্তি সংবলিত প্রচারপত্র বিলির সময় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ইউনিয়ন পরিষদ সচিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে ওই ইউপি সচিবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নজরুল ইসলাম লতিফ পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, লতিফ প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ছাপানো প্রচারপত্র বিলি করছিল। দীর্ঘদিন ধরেই তিনি এ কাজ করছিলেন।
লতিফের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে ৫৪ ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এর পেছনে রাষ্ট্রবিরোধী কোনো মহল জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24