রংপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা উপজেলায় শোবার ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর গ্রামের মোবারক হোসেনের বাড়ি থেকে ফিরনি বেগমের (২৪) লাশ উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ওসি রজলুর রশীদ জানান, বুধবার রাতের কোনো এক সময় হাত-পা ও মুখ বেঁধে ফিরনিকে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে স্বামী মোবারক পলাতক রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া ছেলে পলাশকে রেখে প্রথম স্ত্রীকে তালাক দেন মোবারক। ফিরনি তার দ্বিতীয় স্ত্রী। ফিরনির সংসারে তার দেড় বছর বয়সী একটি মেয়ে সন্তান আছে।
গত ২১ জুন রাতে সৎ ছেলে পলাশকে জবাই করে হত্যার পর লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় ফিরনি। ওই ঘটনায় মোবারকের দায়ের করা হত্যা মামলায় ফিরনি কারাগারে আটক ছিল।
ওসি আরও জানান, বুধবার মোবারক নিজেই ফিরনিকে আদালত থেকে জামিনে মুক্ত করেন। বেলা ১২টার দিকে ঘরের ভেতর শিশুর কান্না শুনে এলাকার লোকজন ঘরের তালা ভেঙে মেঝেতে ফিরনির লাশ দেখতে পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/১৯২৭ ঘ.
bdnews24