২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র, দাবি হেনরির

হল-মার্ক কেলেঙ্কারির মধ্যে অবৈধ সম্পদ থাকার অভিযোগ ওঠায় দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগ নেত্রী জান্নান আরা হেনরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হল-মার্ক কেলেঙ্কারির মধ্যে অবৈধ সম্পদ থাকার অভিযোগ ওঠায় দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগ নেত্রী জান্নান আরা হেনরি। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর তিনি সাংবাদিকদের বলেন, তিনি ‘ষড়যন্ত্রের’ শিকার। হল-মার্ককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দেয়ায় অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্যদের সম্পদ অনুসন্ধানের পদক্ষেপ নেয় দুদক। এরপর পরিচালনা পর্ষদের সাবেক সদস্যদের দুদকে ডাকা হয়, যারা ওই ঋণ দেয়ার সময় পরিচালনা পর্ষদে ছিলেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, এ বছরের শুরুর দিকে দুদক পাবনা কার্যালয়ে থেকে একটি চিঠি আসে। সেখানে হেনরির জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির বিষয়ে একটি অভিযোগ ছিল। ওই বিষয়ে অনুসন্ধানে বৃহস্পতিবার ডাকা হয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হেনরিকে। দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম হেনরির সম্পদের তদন্ত চালাচ্ছেন। “আজকের জিজ্ঞাসাবাদ সে প্রক্রিয়ারই অংশ,” বলেন প্রণব ভট্টাচার্য। ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সিরাজগঞ্জ-২ আসনে হেরে যান হেনরি। তিনি সাংবাদিকদের বলেন, “আমার দুর্নীতি সম্পর্কে যে তথ্য বের হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আমার কোনো অবৈধ সম্পদ নেই। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।” “আমি একজন রাজনৈতিক কর্মী। আমার বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করছে,” যোগ করেন হেনরি। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে কারসাজির মাধ্যমে হল-মার্ক গ্রুপকে বিপুল অংকের টাকা ঋণ দেয়ার ঘটনায় এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য একবার দুদক কার্যালয়ে ডাকা হয় হেনরিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এমআই/১৮৩৬ ঘ.