বাবার দাবি, নাফিসকে ‘ফাঁদে’ ফেলা হয়েছে
নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে এফবিআইয়ের হাতে আটক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের ঢাকার যাত্রাবাড়ির বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে জিজ্ঞাসাবাদের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, ঢাকায় নাফিসের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তারা।
যাত্রাবাড়িতে নাফিসদের ১০৭/৪ উত্তর যাত্রাবাড়ির বাসায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।
নাফিসের বাবা কাজী মো. আহসান উল্লাহ ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তারা পুলিশকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নাফিস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। এর আগে তিনি ঢাকা কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করেন। নাফিসরা এক ভাই ও এক বোন। যাত্রাবাড়ির এই বাসা নাফিসের নানার।
২১ বছর বয়সি নাফিসের বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার ও জঙ্গি সংগঠন আল কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হলেও তা বিশ্বাস করছেন না তার বাবা।
আহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, তার ছেলে কোনোভাবেই এ ধরনের কাজে জড়িত থাকতে পারে না। তাকে ফাঁদে ফেলা হয়েছে।
ছেলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়ার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। গ্রেপ্তারের আগে রোববারও ছেলের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলে নাফিসের বাবা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, নাফিস যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে পড়াশোনা করছেন। গত জানুয়ারিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।
এফবিআই বলছে, স্থানীয় সময় বুধবার সকালে (বাংলাদেশে বুধবার সন্ধ্যা) ম্যানহাটানে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে ‘বিস্ফোরকভর্তি’ ভ্যান দাঁড় করিয়ে নাফিস পাশের মিলেনিয়াম হিল্টন হোটেলে যান। সেখান থেকে তিনি ভ্যানে রেখে আসা সেলফোনে বার বার কল দিতে থাকেন এক হাজার পাউন্ড (৪৫৪ কোজি) বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানোর জন্য। কিন্তু ভ্যানে সত্যিকারের বিস্ফোরক না থাকায় সেটি আর ফাটেনি।
গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, নাফিস নিউ ইয়র্ক যাওয়ার আগে দেশে তার কোনো জঙ্গি সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তারা।
“যদি জানা যায় যে নাফিস এখানে দীক্ষা নিয়ে গেছে, তবে তার দীক্ষাগুরুদেরও খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে,” বলেন তিনি।
নাফিসের বিষয়ে তথ্য জানাতে যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের অনুরোধ পাননি জানিয়ে মনিরুল বলেন, তারা সংবাদ মাধ্যমে খবর শুনে নিজেরাই তৎপর হয়েছেন।
নাফিসের পরিচয় গোয়েন্দা পুলিশ নিশ্চিত হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওই যুবকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে তারা কাজ করছে।
মন্ত্রণালয়ের মহা পরিচালক (আমেরিকা) মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। নাফিসের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। যদি সে বাংলাদেশের নাগরিক হয় তাহলে বাংলাদেশ দূতাবাস তার কনসুলেট একসেস চাইবে।”
‘কনসুলেট একসেস’ পাওয়া গেলে দূতাবাসের কোনো কূটনীতিক নাফিসের সঙ্গে একান্তে কথা বলতে পারবেন।
ব্রুকলিন ফেডারেল কোর্টে নাফিসের বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষা ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন নাফিস। আল কায়েদা নেটওয়ার্কের সঙ্গে ‘জড়িত’ এই যুবক সন্ত্রাসী হামলা চালানোর জন্য বিশ্বস্ত লোক খোঁজা শুরু করার পর গত জুলাইয়ে এফবিআইয়ের নজরে পড়েন।
মামলার এজাহারে বলা হয়েছে, নাফিস এমন পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন, যাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তছনছ হয়ে যায়। প্রথমে তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে হত্যা করতে। এরপর তিনি রিজার্ভ ব্যাংক, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও বাল্টিমোরে সেনাবাহিনীর স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেন।
তার এ পরিকল্পনার কথা জানতে পেরে সহযোগী সেজে এফবিআই কর্মকর্তারাই তাকে ২০ ব্যাগ ‘নকল’ বিস্ফোরক সরবরাহ করেন, যাতে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা যায় বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান।
