সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম
ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নকশী নিট কম্পোজিটকে জিজ্ঞাসাবাদ শেষ হলেই সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারিতে জড়িত পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এফআইআর দাখিল এবং প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের গ্রেপ্তার শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন দুদক কমিশনার এম সাহাবুদ্দিন।
তিনি বলেন, “হাইকোর্টে রিট আবেদনের কারণে নকশী নিট কম্পোজিটকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। আগামী তিন দিনের মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হবে। এরপরই এই প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে। এফআইআর দায়ের হলেই গ্রেপ্তারের বিষয়টি বিবেচনা করা হবে।”
তিনি জানান, দুদকের আইনে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে হলে প্রথমে অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদ শেষ করে এফআইআর দায়ের এবং তার ভিত্তিতে গ্রেপ্তারের বিধান রয়েছে।
২০১১ সালের জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখাসহ একাধিক শাখা থেকে অবৈধভাবে ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরিয়েছে হলমার্ক গ্রুপ, ডি এন স্পোর্টস, টি এন ব্রাদার্স, খান জাহান আলি স্যুয়েটার্স, প্যারাগন গ্রুপ এবং নকশী নিট কম্পোজিট- এই ছয়টি প্রতিষ্ঠান। এর মধ্যে হলমার্ক গ্রুপ সরিয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা, বাকি ১১০০ কোটি টাকা সরিয়েছে ওই পাঁচটি প্রতিষ্ঠান।
পত্রপত্রিকায় এই আর্থিক অনিয়মের খবর প্রকাশ হলে তা আমলে নিয়ে গত জুন থেকে দুদক উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নের্তৃত্বাধীন ৬ সদস্যের একটি বিশেষ দল অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার অনুসন্ধান কার্যক্রম শেষে আর্থিক অনিয়মের প্রমাণের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর হলমার্ক গ্রুপের বিরুদ্ধে রমনা থানায় ১১ টি মামলা দায়ের করে দুদক। হলমার্ক গ্রুপের এমডি তানভির মাহমুদ, জিএম তুষার আহমেদ, সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার ব্যাবস্থাপক (বর্তমানে সাময়িক বরখাস্ত) কে এম আজিজুর রহমানসহ ২৭ জনকে আসামী করা হয় এসব মামলায়।
ইতমধ্যে তানভীর মাহমুদ, তুষার আহমেদ এবং কে এম আজিজুর রহমানকে গ্রেপ্তার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।
পাশাপাশি গত ১৪ ই অক্টোবর টিএন ব্রাদার্সের এমডি তাওহিদ হাসান, পরিচালক তসলিম হোসেন, ১৫ অক্টোবর প্যারাগন গ্রুপের এমডি সাইফুল হাসান রাজা, পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং ১৭ অক্টোবর খানজাহান আলি স্যুয়েটার্স এর চেয়ারম্যান তাজুল ইসলাম, এমডি আব্দুল জলিল শেখ ও পরিচালক শওকত আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের তদন্ত দল।
গত ১৬ অক্টোবর নকশী নিট কম্পোজিটের এমডি আব্দুল মালেক এবং চেয়ারম্যান জাহানারা বেগমকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও হাইকোর্টে রিট আবেদন দায়েরের কারণে তা সম্ভব হয়নি।
অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা দুদকের অনুসন্ধান কাজ প্রভাবিত করতে পারে কি না- এ প্রশ্ন করা হলে এম সাহাবুদ্দিন বলেন, “সে রকম কোন সম্ভাবনা আপাতত নেই। আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি, যতদ্রুত সম্ভব এনকোয়ারি শেষ করেই পরবর্তী পদক্ষেপ নেব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এইচএ/২৩৪২ ঘ.
bdnews24