২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল গোছাতে ঈদের পর নামবে আ. লীগ

দলকে আরো শক্তিশালী করতে ঈদুল আজহার পর জোর তৎপরতা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 05:10 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলকে আরো শক্তিশালী করতে ঈদুল আজহার পর জোর তৎপরতা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঈদের পর বিরোধী দলের জোরদার আন্দোলনের হুমকির মধ্যে ক্ষমতাসীন দল এই সিদ্ধান্ত নিল। বুধবার দলের ধানমন্ডির কার্যালয়ে সাংগঠনিক এক বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করতে ঈদের পর মাঠে নামবে।” আমির হোসেন আমুর সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ। নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালে বিরোধী দলের আন্দোলনের হুমকির জবাবেই এই কর্মসূচি কি না- জানতে চাইলে তোফায়েল বলেন, “তারা তাদের মত আন্দোলন করুক।” “হিসাবের খাতা খুললে দেখা যাবে, বিরোধী দল বহুবার আন্দোলনের এমন তারিখ দিয়েছে। এবার দিয়েছে ঈদের পর। এরপর দেখা যাবে স্কুলের পরীক্ষার পর তারিখ দিচ্ছে,” যোগ করেন তিনি। তবে বিরোধী দল গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করুক- তা আওয়ামী লীগও চায় বলে মন্তব্য করেন তোফায়েল। দলের জাতীয় কাউন্সিলের আগে তৃণমূলের সব সম্মেলন হবে বলে জানান তিনি। তোফায়েল বলেন, সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি জেলায় বর্ধিত সভা হবে। ওই সভায় জেলার কাউন্সিলের তারিখ ঘোষণার পাশাপাশি সরকারের সফলতা এবং বিরোধী দলের ‘অপপ্রচারের’ জবাব জনগণের সামনে উপস্থাপন করা হবে। সারাদেশের তৃণমূলের সম্মেলন কার্যক্রম সমন্বয়ে গঠিত ১২টি টিমের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবেই বুধবার প্রথম বৈঠকটি হয়েছে। পর্যায়ক্রমে অন্য টিমের নেতারাও বৈঠক করবেন। বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিলের আগেই দলের সব জেলা ও উপজেলা সম্মেলন শেষ করা হবে। ১০ নভেম্বর থেকে বরিশাল বিভাগের সাতটি জেলায় বর্ধিত সভা শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩০৭ ঘ.