২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রেলপথ ফের বন্ধ

ফেনী দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। বাতিল করা হয়েছে ছয়টি ট্রেনের যাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 03:59 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বুধবার রাত ৩টা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনটি কসবার স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে এর ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে করে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্তত ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। মইনুল ইসলাম জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষে শিগগিরই আবার ট্রেন চলাচল শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে ভোর থেকে লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর গোধূলী; ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী; ঢাকা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস; চট্টগ্রাম থেকে সিলেট ও সিলেট থেকে চট্টগ্রামুখী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। বুধবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী কোনো ট্রেনই গন্তব্যে পৌঁছাতে পারেনি। সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস এক ঘণ্টা এবং মহানগর প্রভাতী চট্টগ্রাম থেকে ঢাকা দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে বলে চট্টগ্রামের স্টেশন মাস্টার শামসুল আলম জানান। এর আগে বুধবার ভোরে ফেনীতে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। এতে বেশ কয়েকটিন ট্রেনের যাত্রা বিলম্বিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/১১৩০ ঘ.