ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বায়ুদূষণের অপরাধে হবিগঞ্জের ধুলিয়া খালে বিসিক শিল্প নগরীতে একটি লুব্রিকেন্ট কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বুধবার এ দ-াদেশ দেন। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়, হবিগঞ্জ জেলায় মারাত্মক বায়ুদূষণ করে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করার অপরাধে ‘প্রমিনেন্ট লুব লি.’ নামের ওই কারখানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
কারখানার বয়লার থেকে বেরিয়ে আসা তীব্র বায়বীয় বর্জ্য এলাকায় ভয়াবহ বায়ুদূষণ ঘটাচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তদন্তে দেখা যায়, কারখানাটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরনো মবিল ক্রয় ও প্রক্রিয়াজাত করে এক ধরনের মেশিনওয়েল তৈরি করে। কিন্তু কারখানায় পর্যাপ্ত বায়ুদূষণ নিয়ন্ত্রক যন্ত্রপাতি/প্রযুক্তি না থাকায় এ দূষণ ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, কারখানার তেল মিশ্রিত তরল বর্জ্য ধুলিয়া খালে পড়ে সেখানকার পানি দূষিত হয়ে পড়েছে। খালের মাছ ও বিচরণকারী হাঁসও মারা গেছে।
বিসিক কর্তৃপক্ষও এ অভিযোগের সত্যতা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৮১৩ ঘ.
bdnews24