২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের হাজিরা দেবেন আইনজীবী

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর কলেজছাত্র লিমনকে একটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঝালকাঠী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর কলেজছাত্র লিমনকে একটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। আইনজীবীর মাধ্যমে লিমনের হাজিরা দেয়ার আবেদন করা হলে বুধবার ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম নুসরাত জাহান এ আদেশ দেন। লিমনের আইনজীবী হাসান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমন পঙ্গু, আর্থিকভাবে অস্বচ্ছল, মেধাবী ছাত্র এবং তার বাড়ি আদালত থেকে ৪০ কিলোমিটার দূরে। তাই ব্যক্তিগত হাজিরা থেকে লিমনকে অব্যাহতি দেয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জর করেছে। এদিকে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগে ছয় র‌্যাব সদস্যের বিরুদ্ধে মা হেনোআরা বেগমের করা মামলায় র‌্যাবকে নির্দোষ উল্লেখ করে পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে লিমনের মায়ের করা না রাজির আবেদনেরও শুনানি একইসঙ্গে হয়। একই আদালত বিষয়টি পর্যালোচনার জন্য আগামী ১২ ডিসেম্বর তারিখ রেখেছেন বলে জানান লিমনের আরেক আইনজীবী মানিক আচার্য্য। ২০১১ সালের ২৩ মার্চ র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারান ঝালকাঠির কলেজছাত্র রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের লিমন হোসেন। ওই ঘটনায় তিনটি মামলা হয়। লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। আর র‌্যাবের বিরুদ্ধে একটি মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম। লিমনের মায়ের করা মামলায় র‌্যাবকে ‘নির্দোষ’ দেখিয়ে গত ১৪ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। তবে র‌্যাবের দু’টি মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৪ ঘ.