২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংবাদিকদের মহার্ঘভাতার ঘোষণা বৃহস্পতিবার’

সংবাদপত্রের অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার আগে সাংবাদিক-কর্মচারীদের জন্য অন্তর্র্বতীকালীন মহার্ঘভাতার ঘোষণা বৃহস্পতিবার আসছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্রের অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার আগে সাংবাদিক-কর্মচারীদের জন্য অন্তর্র্বতীকালীন মহার্ঘভাতার ঘোষণা বৃহস্পতিবার আসছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। কত শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হবে জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, “সাংবাদিকরা যা চেয়েছেন তাই ঘোষণা করা হবে।” সাংবাদিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত অষ্টম মজুরি বোর্ডের সদস্য ইকবাল সোবহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোর্ডের চেয়ারম্যান কাজী এবাদুল হক বেসিকের ৫০ শতাংশ মহার্ঘভাতা দেয়ার প্রস্তাব দিয়েছেন।” গত ১৮ জুন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে এ পর্ষদ গঠন করে সরকার। এ বোর্ডকে ছয় মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে সুপারিশ পেশ করতে বলা হয়। নিয়ম অনুযায়ী, বোর্ডের প্রথম সভাতেই মহার্ঘ ভাতার প্রস্তাব চূড়ান্ত করে ঘোষণা করার কথা। এদিকে সাংবাদিক-কর্মচারিদের জন্য অষ্টম মজুরি বোর্ড চূড়ান্ত ঘোষণা ও বাস্তবায়নের আগেই সরকারি বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধি এবং নিউজপ্রিন্টের শুল্ক কমানোর দাবি তুলেছেন বিভিন্ন সংবাদপত্রের মালিক ও সম্পাদকরা। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সংবাদপত্র মালিক ও সম্পাদকরা এসব দাবি উপস্থাপন করেন। বৈঠক শেষে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, বৈঠকে অষ্টম ওয়েজ (মজুরি) বোর্ড, নতুন মজুরি কাঠামো, বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধি এবং নিউজপ্রিন্টের শুল্ক কমানোসহ বিরাজমান সমস্যা সমাধানে মন্ত্রীর সহায়তা চাওয়া হয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের অবস্থান অত্যন্ত শক্তিশালী মন্তব্য করে তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম ও সরকারের মধ্যে মৈত্রীর বন্ধন জোরদার করতে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে গণমাধ্যমের ধারাবাহিক যোগাযোগ জরুরি। এ কারণেই তথ্য মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমের মালিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠক করছে। মন্ত্রী আরো জানান, বৈঠকে জাতীয় স¤প্রচার নীতিমালা নিয়েও আলোচনা হয়েছে। আরো কয়েকটি নীতিমালা আলোচনার পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সব গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর কমিটি গঠন করে এসব নীতিমালা চূড়ান্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচএ/আরবি/আরএ/এসইউ/১৬০৫ ঘ.