২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির চেয়ারম্যান-এমডি রিমান্ডে

ডেসটিনি-২০০০ এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান মো. হোসেনকে দুই মামলায় ১৮ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি-২০০০ এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান মো. হোসেনকে দুই মামলায় ১৮ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম এরফানউল্লাহ মুদ্রা পাচারের দুই মামলায় ৯ দিন করে প্রত্যেককে মোট ১৮ দিন হেফাজতে নেয়ার অনুমতি দেন। তবে হাই কোর্টে জামিনের আবেদন শুনানির অপেক্ষায় থাকায় ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে রিমান্ডে নেয়ার বিষয়ে এদিন শুনানি হয়নি বলে জানান দুদকের আইনজীবী রফিকুল ইসলাম বেনু। ডেসটিনির এই তিন শীর্ষ কর্মকর্তাকে দুই মামলায় ১০ দিন করে রিমান্ডে নেয়ার জন্য গত ১১ অক্টোবর আবেদন করে দুদক। ওই আবেদনের শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন এহসানুল হক সমাজী ও কাজী নজীবুল্লাহ হিরু। রিমান্ডের বিরোধিতায় তারা আদালতকে বলেন, দুটি মামলায় ডেসটিনির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের জামিন বাতিলে নিম্ন আদালতের আদেশ কেন বাতিল করা হবে না সে বিষয়ে রুল জারি করেছে হাই কোর্ট। আগামী ৫ নভেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানির দিন থাকায় হাই কোর্টের প্রতি সম্মান দেখিয়ে সে পর্যন্ত আসামিদের রিমান্ড আবেদনের শুনানি উচিত হবে না। দুর্নীতি দমন কমিশনের এ দুই মামলায় হারুন-অর-রশিদ, রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ পাঁচজনকে গত অগাস্টে ঢাকার একটি হাকিম আদালত জামিন দিলেও তার এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে। এরপর তাদের জামিন বাতিল করা হয়। পরে গত ১১ অক্টোবর হারুন, রফিকুল ও হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ তা নাকচ করে তাদের কারাগারে পাঠান। সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় হারুন অর রশিদসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা দুটি দায়ের করে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/১৭০৫ ঘ.