ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে কিছু নথিপত্র বিশ্ব ব্যাংক প্যানেলকে দিয়ে এখন তাদের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে দুর্নীতি দমন কমিশন।
লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংকের তিন সদস্যের প্যানেল ঢাকায় এসে কাজ চালিয়ে মঙ্গলবার ফিরে যায়।
তারা চলে যাওয়ার পর বিকালে দুদক চেয়ারম্যান গোলাম রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আমরা অপেক্ষায় আছি, তারা কী করেন এবং বিশ্ব ব্যাংক কী করে।”
দুর্নীতির অভিযোগ তুলে চার মাস আগে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের পরও সরকারের নানামুখী তৎপরতায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে বিশ্ব ব্যাংক।
এরপর বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি ‘দুর্নীতির’ তদন্তে দুদকের কার্যক্রম পর্যবেক্ষণে ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের ওই দল গঠন করে। তাদের প্রতিবেদনের ওপরই অর্থায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে।
দুদকের সঙ্গে বৈঠকে বিশ্ব ব্যাংক প্যানেল কোনো তথ্য-উপাত্ত দেয়নি জানিয়ে গোলাম রহমান বলেন, “আমরা তাদের অনুসন্ধান সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়েছি, কিন্তু তারা আমাদের সুনির্দিষ্টভাবে কিছু দেয়নি। তবে তারা সহযোগিতার মনোভাব দেখিয়েছে।”
২৯১ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ করলেও দুদকের তদন্তে এখনো কিছু পাওয়া যায়নি বলে জানান চেয়ারম্যান।
“আমরা এখন তাদের (প্যানেল) প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদনে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের হাতে সোপর্দ করা হবে,” যোগ করেন তিনি।
গত বছরের সেপ্টেম্বরে কানাডা পুলিশ এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করলে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। এই প্রতিষ্ঠানটি প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে প্রাকযোগ্য তালিকায় ছিল।
দুদক চেয়ারম্যান জানান, এসএনসি লাভালিন এবং ওই কোম্পানির সাবেক কর্মকর্তা রমেশ শাহ সম্পর্কে এখন পর্যন্ত কমিশনের কাছে নতুন কোনো তথ্য নেই।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কানাডা সরকারকে চিঠি পাঠানো হলেও এখনো তার উত্তর আসেনি বলে জানান তিনি।
এসএনসি লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে কানাডার কারাগারে রয়েছেন। এই প্রকল্পে কাজ পাইয়ে দিতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ সাধার অভিযোগ আনা হয়েছে তিনিসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিও/এমআই/২১৪৮ ঘ.
bdnews24