ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে ফেইসবুকে হুমকি দেয়ার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসককে জিজ্ঞাসাবাদে দুই দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর হাকিম এস এম আতিকুর রহমান এ আদেশ দেন।
শাওনকে হুমকি দেয়ার অভিযোগে সোমবার চিকিৎসক এহসানুজ্জামান খানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে রমনা থানায় দেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক বশিরুল হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চেয়েছিলেন।
রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ডা. এহসানুজ্জামানের ভাই আকিল জামান আদালতকে বলেন, “এহসানুজ্জামান একজন সরকারি চিকিৎসক। তিনি কোনোভাবেই শাওনকে হত্যার হুমকি দেননি। তথ্য ও প্রযুক্তি ২০০৬ সালের আইনের ৮০ ধারায় তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা অ-আমলযোগ্য অপরাধ।”
ফেইসবুকে ‘উই হেইট শাওন’ নামের একটি পেইজ খোলার কথা আদালতকে অবহিত করে তিনি বলেন, “সেখানে তিনি কোনো প্রকারের হুমকি দেননি।”
এ সময় আসামির বোন আইনজীবী ইয়াদিয়া কান্নাজড়িত কণ্ঠে আদালতকে বলেন, “আমার ভাই নির্দোষ। তিনি কোনো ভাবেই অভিনেত্রী শাওন বা তার মা তহুরা আলীকে (এমপি) হুমকি দেননি।”
শুনানি শেষে আদালথ জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক এহসানুজ্জামান ২০০৮ সালে ২৭তম বিসিএসে নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০১৮ ঘ.
bdnews24