২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাসকূটনীতিকদের কাছে বিএনপির তদন্ত প্রতিবেদন উপস্থাপন

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কাছে রামুর ঘটনায় দলের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কাছে রামুর ঘটনায় দলের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছে বিএনপি। মঙ্গলবার বিকালে গুলশানের হেরিটেজ হোটেলে এ প্রতিবেদন উপস্থাপন করেন বিএনপি গঠিত তদন্ত কমিটির প্রধান সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। এ সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনসহ অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, জাপান, কানাডা, নেদারল্যা-স, নরওয়ের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া তুরস্ক, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মরক্কোসহ কয়েকটি দেশের কূটনীতিক সেখানে ছিলেন। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। পরদিন হামলা হয় উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায়। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠানে কূটনীতিদের সামনে রামুর বিধ্বস্ত এলাকা ও ক্ষতিগ্রস্তদের অবস্থা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয়। এই রুদ্ধদ্বার প্রতিবেদন উপস্থাপন শেষে সাংবাদিকদের মওদুদ বলেন, তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তু বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে। তাদেরকে ৬৭ পৃষ্ঠার প্রতিবেদনের কপিও দেয়া হয়। “আমরা সরেজমিনে তদন্ত করতে গিয়ে কী দেখেছি, ফাইন্ডিংস ও রিকমেন্ডেশন তাদের কাছে উপস্থাপন করেছি। “সরকার ও প্রশাসনের দীর্ঘ নিষ্ক্রিয়তায় এরকম ধ্বংসযজ্ঞ ঘটেছে বলে আমরা মনে করি। এর দায় সরকার এড়াতে পারবে না। ’’ তদন্ত প্রতিবেদন দেখার পর কূটনীতিকদের প্রতিক্রিয়া কী ছিল- এ প্রশ্ন করা হলে মওদুদ জানান, বিদেশি কূটনীতিকরা ঘটনা সম্পর্কে জানেন। তারা উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারের নিষ্ক্রিয়তার বিষয়টিতে তারা বিষ্ময় প্রকাশ করেছেন। বিদেশিদের কাছে তদন্ত প্রতিবেদন উপস্থাপনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া প্রসঙ্গে এই বিএনপি নেতা দাবি করেন, তিনশ বছরের বৌদ্ধ বিহারে হামলার ঘটনা আন্তর্জাতিকভাবে নাড়া দিয়েছে। বিদেশিরা উদ্বিগ্ন। “আমরা সঠিক চিত্রটি তাদের কাছে উপস্থাপন করেছি। বাংলাদেশ যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তা নিয়ে যেন কোনো ভুল ধারণার সৃষ্টি না হয়।’’ সাম্প্রদায়িক ওই হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়টিও কূটনীতিকদের জানানো হয়েছে। অনুষ্ঠানে মওদুদ ছাড়া দলীয় তদন্ত কমিটির সদস্য আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, গোলাম আকবর খন্দকার, গৌতম চক্রবর্তী ও অধ্যাপক সুকোমল বড়–য়া উপস্থিত ছিলেন। গত ২৯ সেপ্টেম্বর রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। গত ৫ ও ৬ অক্টোবর মওদুদের নেতৃত্বে এই কমিটির ৯ সদস্য রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ার ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও বসতি সরেজমিন পরিদর্শন করে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেন। এই প্রতিবেদনটি বিরোধী দলীয় নেতার কাছে গত বৃৃহস্পতিবার জমা দেয় তারা। পরদিন সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৪ ঘ.