২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি: জামিন চাইতে গিয়ে ১৪ জন কারাগারে

জালিয়াতির অভিযোগে ১৪ জামিন প্রার্থীকে আদালত থেকেই পুলিশের হাতে তুলে দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির অভিযোগে ১৪ জামিন প্রার্থীকে আদালত থেকেই পুলিশের হাতে তুলে দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ। তথ্য গোপন করে জামিন চাইতে আসার পর মঙ্গলবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ তাদের পুলিশে তুলে দেয়। হাই কোর্ট-১ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক সালাম মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আদালতের নির্দেশ অনুসারে ওই ১৪ জনকে আটক করে শাহবাগ থানার হস্তান্তর করেছি।” সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা গত মঙ্গলবার এই আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন দিতে অস্বীকৃতি জানায়। এরপর তারা উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করিয়ে আবেদন ফেরত নিয়ে যায়। “আজ (মঙ্গলবার) আইনজীবী পরিবর্তন করে ওই আসামিরা আবার একইবেঞ্চে জামিন চাইতে আসে। আবেদনে গত সপ্তাহের জামিন নাকচ হওয়ার তথ্য গোপন করে। এ কারণে আদালত তাদেরকে জামিন জালিয়াতির অভিযোগে পুলিশের হাতে তুলে দেয়,” বলেন তিনি। আটক ব্যক্তিরা হলেন- মো. আশরাফ মিয়া, মো. মাওলা মিয়া, গুলজার মিয়া, মো. তুহিন মিয়া, খাইরুজ্জামান, বিকুল মিয়া, দুলাল মাতুব্বর, মো. মির্জা মিয়া, মো. ওবায়দুল মোল্লা, মাহবুব, কালাম মাতুব্বর, মাসুদ মিয়া, ফিরোজ মিয়া, মো. হাফিজুর মিয়া। হাই কোর্টের আদেশে একইসঙ্গে তাদের জামিন আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নিতেও বলা হয়। বিচারপ্রার্থীদের সর্বোচ্চ আশ্রয়স্থল হিসাবে হাই কোর্ট এলাকা থেকে সাধারণত কাউকে গ্রেপ্তার করা হয় না। তবে আদালতে শান্তি-শৃঙ্খলায় বিঘ্ণ সৃষ্টি করলে বা অন্য কোনো কারণে আদালতের আদেশে গ্রেপ্তারের নজির রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯১০ ঘ.